ভারতের সবচেয়ে ধনী রাজনৈতিক দল ? নির্বাচন কমিশনের রিপোর্টে চমকের পর চমক

|

রানার ডেস্ক : ভারতের সবচেয়ে ধনী রাজনৈতিক দল কারা, এই প্রশ্নে কেউ বলবেন বিজেপি কিংবা কেউ বলবেন কংগ্রেস। বড়জোর কেউ কেউ ঝুঁকি নিয়ে সিপিএম-এর নামটা বললেও বলতে পারে। কিন্তু তাই বলে মায়াবতীর দল বিএসপি ?? আর দ্বিতীয় স্থানে ?? চমক এখানেও। কারন দলের নাম সমাজবাদী পার্টি। নেতা অখিলেশ যাদব। তিন নম্বরে কংগ্রেস আর বিজেপির নাম পাঁচ নম্বরে।

অন্তত নির্বাচন কমিশন যে রিপোর্ট প্রকাশ করেছে তার থেকেই উঠে এসেছে এই তথ্য। এতদিন মায়াবতীর বিরুদ্ধে ভয়ংকর সব দুর্নীতির অভিযোগ শোনা গেছে এবার শোনা গেল তার দলের সম্পদের পরিমানটা। খুব একটা পিছিয়ে নেই তার চির প্রতিদ্বন্দ্বী, বর্তমান অভিন্ন মঞ্চের বন্ধু সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। তার দলের স্থান দুই নম্বরে। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, মায়াবতীর দলের ব্যংক একাউন্টে আছে ৬৬৯ কোটি টাকা।

দিল্লি ও তার আশপাশের এলাকায় মোট আটটি ব্যংকে এই টাকা গচ্ছিত আছে। এছাড়া নগদ আছে ৯৫.৫৪ লাখ টাকা। দ্বিতীয় স্থানে থাকা অখিলেশের এসপি’র নামে ব্যংকে আছে ৪৭১ কোটি টাকা। তৃতীয় স্থানে আছে কংগ্রেস। কমিশনের রিপোর্ট অনুযায়ী তাদের নামে ব্যংকে আছে ১৯৬ কোটি টাকা। চতুর্থ স্থানে আছে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি। অন্ধ্রপ্রদেশের এই আঞ্চলিক দলের হাতে আছে ১০৭ কোটি টাকা। পঞ্চম স্থানে আছে বিজেপি।

তাদের নামে ব্যংকে আছে ৮২ কোটি টাকা। যদিও কংগ্রেস এবং বিজেপি’র হিসেবটা সন্দেহের উর্ধে নয় বলে মনে করছে রাজনৈতিক মহল। কারন, এই দুই দল চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক পর পরই হিসেব জমা দিয়েছিল। সেই হিসেবটাই পেশ করেছে কমিশন। তারপর গঙ্গা-যমুনা দিয়ে জল তো অনেক গড়িয়েছে কিন্তু হিসেবটা থমকেই আছে।

যেমন চার রাজ্যে ভোটের আগে বিজেপির তহবিলে ছিল ছিল ১০২৭ কোটি টাকা। কমিশনের রিপোর্ট ওই ভোটে বিজেপি খরচ করেছিল ৭৫৮ কোটি টাকা। এনিয়ে তুমুল বিতর্ক হয়েছিল, সমালোচনার ঝড় উঠেছিল। সেই ঝড় থামার সঙ্গে সঙ্গে বিজেপি ও কংগ্রেস দু’দলেরই হিসেব থেমে আছে পুরোনো খাতাতেই। আপাতত যে হিসেব কমিশন দিল সেটাও কম চমকপ্রদ নয়।

আরও পড়ুন