#কলকাতা : শহরে কতজন টিকায় নিয়েছেন, তা জানতে সমীক্ষা ( Survey ) শুরু করছে কলকাতা পুরসভা ( Kolkata Municipal Corporation )। তাদের মধ্যে কতজনের কো-মর্বিডিটি আছে, তারও সমীক্ষা করা হবে। আগামী মাস থেকে সেই সমীক্ষার কাজ শুরু করছে কলকাতা পুরসভা। তার জন্য একটি তালিকা তৈরি করা হচ্ছে। কিভাবে সমীক্ষা চালানো হবে তার পর্যালোচনাঃ করছেন কলকাতা পৌরসভা স্বাস্থ্য ( Health ) বিভাগের আধিকারিকরা। আপাতত ঠিক হয়েছে, প্রত্যেকটি ওয়ার্ড এর জন্য ৩-৪টি স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিদল বানানো হবে।
একেকটি দলে থাকবে ৫ জন স্বাস্থ্য কর্মী। আপাতত পুরো কলকাতার সমীক্ষা চালাতে ১০০০ স্বাস্থ্য কর্মী নিয়োগ করার ভাবনা চিন্তা রয়েছে। ইতিমধ্যে কলকাতায় ৬১ শতাংশ মানুষের প্রথম টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। ২১ মানুষ দ্বিতীয় টিকা পেয়েছেন। কিন্তু সেই টাকা পাওয়ার পর তাদের শারীরিক অবস্থা কেমন, নতুন করে শরীরের অন্য কোন সমস্যা তৈরি হয়েছে কিনা, তিনি কোনও ওষুধ খাচ্ছেন কিনা এমন নানা ধরনের বিষয়গুলি নিয়ে সমীক্ষা করা হবে।
আগামী তিন মাসের মধ্যে সমীক্ষা শেষ করে একটি রিপোর্ট স্বাস্থ্য ভবনে পেশ করবে কলকাতা পুরসভা। তারপর কলকাতা পুরসভার পাশাপাশি রাজ্যের অন্যান্য পুরসভায় হোক এ ধরনের একটি সমীক্ষা করানোর ভাবনা চিন্তা রয়েছে স্বাস্থ্য দপ্তরের। কলকাতার সব মিলিয়ে প্রায় ৫২ লাখ মানুষ টিকা পেয়েছেন। কিন্তু তার মধ্যে কতজন কলকাতার বাসিন্দা তা জানতেই সমীক্ষা করা হচ্ছে। কারণ কলকাতায় প্রতিদিন বিভিন্ন মানুষ কর্মসূত্রে আসেন।
কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্র এবং মেগা সেন্টার থেকে তারাও টিকা নিয়েছেন। ফলে শুধুমাত্র কলকাতার কত শতাংশ বাসিন্দা নিয়েছেন তা জানতে এই সমীক্ষা করা হবে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডক্টর সুব্রত রায় চৌধুরী। তিনি বলেন, দিন কয়েকের মধ্যেই কিভাবে সমীক্ষা করা হবে কতজনকে নিযুক্ত করা হবে তার একটা তালিকা তৈরী হয়ে যাবে। তারপর সেই প্রফর্মা হাতে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি ঘুরবেন।
এবং সেই মতো তথ্য সংগ্রহ করবেন। এর আগে কলকাতা পুরসভা গত বছর কো-মর্বিডিটির সমীক্ষা চালিয়ে ছিল। সেখানে দেখা গিয়েছিল, করোনা আক্রান্তদের মধ্যে প্রায় ৮৭ শতাংশ মানুষের আগে থেকেই নানা ধরনের রোগ রয়েছে। তারা টিকা পাওয়ার পর এই মুহূর্তে তাদের শারীরিক অবস্থা কেমন তা জানতেই সমীক্ষা করা হবে।
