রানার প্রতিবেদন : জিম্বাবোয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ( Shakib Al Hasan )। সাবেক অধিনায়ক মাশরফি বিন মোর্তজাকে পেছনে ফেলেছেন সাকিব। ওই ম্যাচে ১৫৫ রানে জিম্বাবোয়েকে ( Zimbabwe ) হারিয়েছে সফরকারী বাংলাদেশ। ম্যাচে সাকিব একাই নেন ৫ উইকেট। আর তাতে বিশ্বের ‘ইউনিক’ ৮ ক্রিকেটারের তালিকায় যুক্ত হয়েছেন তিনি। এই ৮ ক্রিকেটার বাকি সবার থেকে আলাদা।
এখনও পর্যন্ত বিশ্বে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ৫,২৬৯ জন ক্রিকেটার। কিন্তু রান এবং উইকেটের কম্বিনেশনে আন্তর্জাতিক ক্রিকেটে ৮ জন ইউনিক খেলোয়াড় আছেন, যারা বাকি ৫,২৬১ জনের তুলনায় ‘ইউনিক’। তাঁরা ইউনিক বা অনন্য কারণ তাঁদের সঙ্গে রান এবং উইকেট দুটোতেই এগিয়ে থাকা কোনো ক্রিকেটার পাওয়া যাবে না। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বর্তমান সংগ্রহ ১১,৯৭৪ রান ও ৫৮১ উইকেট।
তার চেয়ে বেশি রান রয়েছে ৬১ জনের। আবার সাকিবের চেয়ে বেশি উইকেট আছে ২৪ জন বোলারের। কিন্তু যাঁদের রান সাকিবের চেয়ে বেশি তাঁদের উইকেট সাকিবের চেয়ে কম। আবার যাঁদের উইকেট সাকিবের চেয়ে বেশি, তাঁদের রান সাকিবের চেয়ে কম। সাকিব ছাড়া বিশ্বের অন্য ৭ ইউনিক ক্রিকেটারের মধ্য দুজন ভারতের। তাঁরা হলেন শচীন তেন্ডুলকর ( Sachin Tendulkar ) ও কপিল দেব ( Kapil Dev )।
অন্য ৫ জন হলেন দক্ষিণ আফ্রিকার দুই কিংবদন্তি জ্যাক ক্যালিস ( Jacques Kallis ) এবং শন পোলক, পাকিস্তানের ওয়াসিম আকরাম, অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন ও শ্রীলঙ্কার মুত্তিয়া মুরলীধরন ( Muttiah Muralitharan )। এঁরা প্রত্যেকে রান-উইকেটের কম্বিনেশনে বিশ্বের যে-কোনো ক্রিকেটারের চেয়ে এগিয়ে।
বিশ্বের ৮ ইউনিক ক্রিকেটার :
১. শচীন তেন্ডুলকর ( ভারত ): ৩৪,৩৫৭ রান ও ২০১ উইকেট
২. জ্যাক ক্যালিস ( দক্ষিণ আফ্রিকা ): ২৫,৫৩৪ রান ও ৫৭৭ উইকেট
৩. সাকিব আল হাসান ( বাংলাদেশ ): ১১,৯৭৪ রান ও ৫৮১ উইকেট
৪. কপিল দেব ( ভারত ): ৯,০৩১ রান ও ৬৮৭ উইকেট
৫. শন পোলক ( দক্ষিণ আফ্রিকা ): ৭,৩৮৬ রান ও ৮২৯ উইকেট
৬. ওয়াসিম আকরাম ( পাকিস্তান ): ৬,৬১৫ রান ও ৯১৬ উইকেট
৭. শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া): ৪,১৭২ রান ও ১,০০১ উইকেট
৮. মুত্তিয়া মুরলীধরন ( শ্রীলঙ্কা ): ১,৯৩৬ রান ও ১,৩৪৭ উইকেট
