কলকাতা : ভোর থাকতে ভবানীপুরে কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে ( Health Center ) বিরাট লাইন পড়ে ভ্যাকসিন সেন্টারে দ্বিতীয় ডোজ নিতে। একই ছবি কলকাতা কর্পোরেশনের উলটো দিকে রক্সি সিনেমা হলের মেগা সেন্টারে। মল্লিক বাজার পার্ক স্ট্রিটে কলকাতা পুরসভার ( Kolkata Municipal corporation ) একটি টিকাকেন্দ্রেও সেই ছবি ধরা পড়েছে। তবে শিবিরগুলতে শেষের দিকে আধার বা ভোটার কার্ডের প্রতিলিপিতে সিলমোহড় দিয়ে জানানো হয়েছে আগামী দিন এলে তাঁরা আগে টিকা পাবেন।
টুকরো টুকরো এই ছবিগুলি কলকাতার বিভিন্ন টিকাকেন্দ্রে ( Vaccine Center )। চার দিন ধরে বন্ধ ছিল কোভ্যাকসিনের ( Covaxin ) টিকাকরণ। এবার মঙ্গলবার থেকে সেটা ফের শুরু হতেই উপচে পড়েছে ভিড়। টিকা না মেলায় জেলায় জেলায় মানুষের ভোগান্তির চিত্র ইতিমধ্যেই সামনে এসেছে। এবার খাস কলকাতার টিকাকেন্দ্রে সেই চিত্রই ফুটে উঠল। গত চার দিন ধরে কোভ্যাকসিন না থাকায় ৪০টি টিকাকেন্দ্র বন্ধ ছিল।
মঙ্গলবার সকালে এই কেন্দ্রগুলি খোলায় উপচে পড়ল দ্বিতীয় ডোজ ( Second Dose ) নেওয়ার জন্য মানুষের ভিড়। বুধবারেও একই ছবি সকাল থেকে। কোভ্যাকসিন নিয়ে চলছে চরম ভোগান্তি। মাঝে মধ্যেই টিকার অভাবে বন্ধ রাখতে হচ্ছে টিকাকরণ। তবে সঙ্কট আরও চরমে ওঠে গত বৃহস্পতিবার। কলকাতা কর্পোরেশনের টিকার ভাণ্ডারে কোভ্যাকসিন শূণ্য হয়ে যায়। এর জেরে শুক্রবার থেকে কোভ্যাকসিনের সমস্ত কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়।
কলকাতা কর্পোরেশনের তরফে জানানো হয় কবে মিলবে টিকা জানা নেই। টিকা এলে তবেই খোলা হবে কেন্দ্রগুলি। এরপরই দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা বহু মানুষ অনিশ্চয়তায় ভুগতে থাকেন। এর মধ্যেই টানা চার দিন বন্ধ থাকার পরে সোমবার রাতে রাজ্যের টিকা সংরক্ষন কেন্দ্রে কোভ্যাকসিন ঢোকে। কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার থেকে কোভ্যাকসিনের শুধু দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
এই শোনামাত্রই কলকাতার বিভিন্ন কোভ্যাকসিন সেন্টারে মঙ্গলবার ভোররাত থাককতে লোকজন লাইন দিতে শুরু করেন। এত দিন ধরে টিকা নেওয়ার জন্য উদগ্রীব মানুষের ভিড়, দীর্ঘ লাইনের চিত্র জেলাগুলিতে সামনে এসেছে। তবে এদিন সেই চিত্রই কলকাতার কোভ্যাকসিন সেন্টারগুলির সামনে দেখা গেলো। এক রাশ উদ্বেগ উৎকন্ঠা নিয়ে কাক ভোর থেকে লাইনে অপেক্ষা দ্বিতীয় ডোজের।
অনেক জায়গায় টুকটাক বচসা আবার কোথাও দীর্ঘ সময় দাঁড়িয়েও টিকা না মেলায় ফিরে যাওয়ার ক্ষোভ জানাতে দেখা গেছে সাধারণ মানুষকে। এদিন এই উপচে পড়া ভিড় দেখে প্রশাসক ফিরহাদ হাকিম ( Firhad Hakim ) বলেন, মানুষকে ধৈর্য রাখতে বলছি। আমাদের হাতে যথেষ্ট পরিমান টিকা এসে পৌঁছেছে। যাঁরা কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজের অপেক্ষায় ধাপে ধাপে সকলেই পাবেন।
কর্পোরেশন সূত্রে জানা গেছে, এই মহুর্তে ৭৫ হাজার মানুষ কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজের প্রাপক। ফলে প্রতি শিবিরেই উপচে পড়ছে ভিড়। তবে লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কিছু লোকজনকে কুপন দেওয়া হয়েছে। আধার কার্ড বা ভোটার কার্ডে সিলমোহড় দিয়ে। সেই কাগজ আজ বুধবার দেখালে আগে তাঁদের দেওয়া হবে। টিকাকরণ কেন্দ্রগুলিতে মোতায়ন করা হচ্ছে পুলিশ। তাঁরাই ভিড় সামলাবেন। কুপন পরীক্ষাও করবেন।
