রানার প্রতিবেদন : ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ( Mahendra Singh Dhoni ) আর সুরেশ রায়নার বন্ধুত্বের কথা সুবিদিত। খেলার সময়, এমনকি খেলার বাইরেও দুজনের বন্ধুত্বের অনেক সুন্দর সুন্দর মনমাতানো ঘটনা আছে। মহেন্দ্র সিং ধোনি গত বছরের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। এর অল্প পরেই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন রায়নাও। ধোনির সঙ্গে বন্ধুত্বের কিছু মজার কথা প্রকাশ্যে এনেছেন রায়না।
ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচের একটি ঘটনা। এ সম্পর্কে তিনি বলেছেন, ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ চলছিল। সেই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি বিশ্রাম নিয়েছিলেন। সুরেশ রায়না ( Suresh Raina ) ও কে এল রাহুল ব্যাট করার সময় হাতে কয়েকটা জলের বোতল নিয়ে এক্সট্রার মতো ধোনি মাঠে এসে ঢোকেন। ব্যাপারটায় খুব মজা পান রায়না। রায়না ও রাহূল জল খাওয়ার পর ধোনি সাজঘরে ফিরে যান। কিন্তু রায়নার মনে দুরভিসন্ধি জাগে।
তিনি ধোনির সঙ্গে খুনসুটি করবার পরিকল্পনা আঁটেন। রায়না জানান, জলপানের বিরতির পর খেলা যথারীতি চলছে। গ্লাভস ভিজে যাওয়ার বাহানা করে সাজঘরের দিকে ইশারা করায় মহেন্দ্র সিং ধোনি কিট ব্যাগ নিয়ে আবার মাঠে আসেন। ধোনির কাণ্ড দেখে তিনি তো অবাক! রায়না বলেন, ‘তোমাকেকয়েকটা গ্লাভস আর ব্যাট আনতে বললাম। তুমি গোটা কিট ব্যাগ নিয়ে চলে এলে!’ রায়না জানান, তখন ধোনি বলেন, ‘যা নেওয়ার একবারে নিয়ে নাও।
এত ঠাণ্ডার মধ্যে বারবার মাঠে আসতে পারব না আমি!’ রায়নাও ছেড়ে দেওয়ার পাত্র নন। তাঁকে ফের বলেন, ‘আমাকে ব্যাটের একটা গ্রিপ এনে দেবে?’ ধোনি তখন চটেমটে বলেন, ‘তুমি তো দেখছি অনেক বড় ক্রিকেটার হয়ে গেছ। আমাকে বারবার মাঠে ডেকে আনছ। সাজঘরে ফিরে এসো। তারপর তোমার মজা দেখাচ্ছি!’ ধোনিকে নিয়ে মজার ঘটনা এখানেই শেষ নয়। ২০১৬ সালের আইপিএলের একটি ঘটনা বলেন রায়না।
স্পট ফিক্সিংয়ের দায়ে সেবার নির্বাসিত ছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। সেজন্য ধোনি রাইজিং পুনে সুপার জায়ান্টস ও রায়না গুজরাট লায়ন্সের হয়ে একে অন্যের মুখোমুখি হয়েছিলেন। সেই ম্যাচেও ঘটেছিল একটি মজার ঘটনা। রাজকোটের সেই ম্যাচে ব্রেন্ডন ম্যাককালামের বিরুদ্ধে অশ্বিন বল করছিল। রায়না অন্য প্রান্তে দাঁড়িয়ে ছিলেন। তিনি ব্যাট করতে যেতেই ধোনি টিজ করে বলে উঠলেন, ‘এই তো অধিনায়ক এসে গেছে। অধিনায়ককে ওয়েলকাম।’ রায়নাও কম যান না। তিনিও পালটা বলেন, ‘একটু দূরে গিয়ে কিপিং করো। আমার অসুবিধা হচ্ছে!’ এমন অনেক অনেক মজার স্মৃতি রয়েছে দুজনের। তারই দুটো সম্প্রতি জানিয়েছেন রায়না।
