বিতর্কিত ফেসবুক পোস্টের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন সৌমিত্র

|

রানার ডেস্ক : বিতর্কিত ফেসবুক পোস্ট করে শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চাইলেন যুব মোর্চার প্রেসিডেন্ট সৌমিত্র খাঁ ( Soumitra Khan )। আজ যুব মোর্চার বৈঠক চলাকালিন তিনি বলেন, প্রকাশ্যে ওই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় বলে এবং পোস্ট করে আমি ঠিক কাজ করিনি। যেটা করেছি সেটা ভুল হয়েছে, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি । যুব মোর্চার হয়ে এখন থেকে জান দিয়ে কাজ করব, মন্তব্য সৌমিত্রর। তিনি বলেন, পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ পালন করা হবে।

সমস্ত কর্মীরা পথে নামবে, যুব মোর্চা তখন দেখিয়ে দেবে আন্দোলন কাকে বলে। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপি ( BJP ) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। তিনি দলের বিদ্রোহী নেতাদের কটাক্ষ করে বলেন, অনেকেই চলে আসেন পাওয়ার আশায়। না পেলেই অধৈর্য হয়ে ওঠেন। বলেন, ক্ষোভ-বিক্ষোভ সকলের থাকতে পারে, তাই বলে সে ক্ষোভ-বিক্ষোভ প্রকাশেরও একটা সীমা থাকা উচিত। সীমা লংঘন করলেই বরদাস্ত করা যায় না।

এই প্রসঙ্গে তিনি বলেন, বাইরে থেকে বহু নেতা কর্মী আসেন। দু’চারটে দাগওয়ালা আসিদ্ধ আলুও ঢুকে পড়ে। কিন্তু সেগুলোকে ফেলে না দিয়ে অন্যান্য সবজির সাথে মিশিয়ে কিভাবে সুস্বাদু তরকারি রান্না করতে হয় সেটাও বিজেপি জানে। পরে অবশ্য সাংবাদিকদের সামনে এসে সৌমিত্র সম্পর্কে তিনি বলেন, সৌমিত্র আগেই তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছে। ও একটু আবেগপ্রবণ।

আবেগ ধরে রাখতে পারেনি বলেই ওইসব ফেলেছিল। ভুল বুঝেছে, আজ স্বীকার করে নিল। ক্ষমাও চেয়ে নিল। আগামী ৯ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত টানা পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। এই কর্মসূচি সফল করার দায়িত্ব দেওয়া হয়েছে যুব মোর্চার কাঁধে।

আরও পড়ুন