বিরল কান্ড, অভিষেকের প্রশংসা দিলীপ ঘোষের গলায়

|

রানার ডেস্ক : মুকুল রায়ের স্ত্রীকে দেখতে নার্সিং হোমে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি ( Abhishek Banerjee )। এই ঘটনাকে ঘিরেই তোলপাড় রাজ্য রাজনীতি। অভিষেক নার্সিং হোমে যাবার পরই সেখানে ছুটে যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। অর্থাৎ বিজেপি নেতারা পৌঁছনোর আগেই সেখানে পৌঁছে যান তৃনমূল নেতা। অভিষেকের নার্সিং হোম যাওয়া নিয়ে আজ দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে বিজেপি রাজ্য সভাপতি বলেন, অভিষেক যে নার্সিং হোমে গিয়েছিলেন তা প্রশংসার যোগ্য।

ভালো কাজ করেছেন তিনি। যদিও অভিষেক নার্সিংহোম থেকে বেরিয়ে যাবার পরই সেখানে পৌঁছান দিলীপ। এনিয়েও নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মুকুল রায় ( Mukul Roy ) নিজে। গতকাল তিনি বলেন, দিলীপ ঘোষ আমার স্ত্রীকে দেখতে সেখানে গিয়েছিল নাকি অন্য কাউকে দেখতে সেটা আমি বলতে পারবো না। কারন উনি নাতো আমাকে না আমার পরিবারের কাউকে জানিয়ে নার্সিংহোমে গিয়েছিলেন।

ফলে আমি জানি না দিলীপ ঘোষ কেন সেখানে গিয়েছিলেন। আমার স্ত্রীকে দেখতে নাকি অন্য কাউকে। আজ এনিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ এই বিতর্ক আর বাড়াতে চাননি। তিনি বলেন, “শুনেছিলাম মুকুল রায়ের স্ত্রী সংকটজনক অবস্থায় আছেন। রাতে মিটিং চলছিল। মিটিং শেষ হতেই শুনলাম অভিষেক গিয়েছে খোঁজ নিতে। মনে হলো তাহলে সঙ্কট হয়ত গভীর, তখনই ছুটে যাই নার্সিং হোমে খবর নিতে।

করোনা ওয়ার্ডে কাউকেই ঢুকতে দেয়া হয়না। আমি যখন করোনা নিয়ে চারদিন নার্সিং হোমে ভর্তি ছিলাম, কেউ যায়নি, যেতেও পারেনি দেখা করতে। এখন তাও কড়াকড়ি অনেকটা কমছে।ওখানেই নামাদের দলের নেতা এবারের ভোট প্রার্থী অম্বুজ মহান্তি ভর্তি আছেন। আমি সকলের খোঁজ নিয়েই তারপর বেরিয়ে আসি।” রাজ্য নেতৃত্বের ওপর মুকুলের ক্ষোভ সম্প্রতি সংবাদেও প্রকাশিত হয়।

বলা হয়, মুকুল রায় করোনা আক্রান্ত হয়ে যখন অসুস্থতার সঙ্গে লড়ছিলেন তখন রাজ্য নেতৃত্বের কেউ তার খোঁজ খবর নেয়নি। তারপরই মুকুলের ছেলের ফেসবুক পোস্ট। যেখানে তিনি দলের নেতাদের উদ্দেশ্যে লিখেছেন, অন্যের সমালোচনা করার আগে আত্মসমালোচনা করা উচিৎ। এরপরই অভিষেকের ছুটে যাওয়া এবং মুকুল পুত্রের গলায় অভিষেকের উচ্ছসিত প্রশংসা সেই সঙ্গে দিলীপের ছুটে যাওয়াকে মুকুলের গুরুত্বহীন করে দেখানো, রাজ্য রাজনীতিতে নতুন আলোড়ন তৈরি করেছে।

আরও পড়ুন