ভারত – বাংলাদেশ ক্রিকেট সিরিজ ঘিরে অনিশ্চয়তা

|

ভারত – বাংলাদেশ ক্রিকেট সিরিজ ঘিরে ফের অনিশ্চয়তার কালো মেঘ। আগামী সেপ্টেম্বর থেকে বাংলাদেশের মাটিতে শুরু হবার কথা দ্বিপাক্ষিক সিরিজ। প্রথমে তিনটি ওয়ানডে এবং পরে তিনটি টি-20 হবার কথা। সবকিছু ঠিকঠাক চললে আগামী ২৮ আগষ্ট ঢাকায় পৌঁছবে ভারতীয় দল। কিন্তু সবকিছু আদৌ ঠিকঠাক চলবে কিনা, সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছে।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতির অবনতি না হলেও উন্নতি হয়েছে এটা বলা যাচ্ছে না। বরং শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন ঘিরে সামান্য উত্তাপ তৈরি হয়েছে। এই আবহে দ্বিপাক্ষিক সিরিজ হবেই সেটা হলফ করে বলতে পারছেন না বিসিসিআই কর্তারা। বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, গোটা বিষয়টি এখন দিল্লির কোর্টে। বিসিসিআই সরকারকে এই মর্মে অবগত করেছে এবং এখন তারা সরকারের সংকেতের অপেক্ষায়।

ইউনূস সরকারের সময় , আইপিএল শুরু হবার মুখে নিরাপত্তার কারণ দেখিয়ে মুস্তাফিজুর রহমানকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় কেকেআর। মনে করা হয়, দিল্লির নির্দেশ মোতাবেক বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছিল। এরপরই প্রকাশ্যে নিজদের ক্ষোভের কথা বলেন সরকারের প্রতিনিধিরা। এমনকি একারণেই ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ।

তদারকি সরকারকে সরিয়ে তারেক রহমান ক্ষমতায় আসার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়েছিল, অতীত ভুলে তারা দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক মজবুত করতে আগ্রহী। কিন্তু সাম্প্রতিক ঘটনায় ফের অস্থিরতা তৈরি হবার ফলে নতুন করে সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এখন সকারের মনোভাব জানতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে অসংখ্য ক্রিকেট প্রেমী মনে করেন, দু’দেশের রাজনীতির মধ্যে ক্রিকেটকে জড়িয়ে ফেলা উচিত হবে না। অনেকে উল্টো মতও পোষণ করেন।

আরও পড়ুন