ক্রিকেট নিয়ে লোকটা বরাবরই “ঠোঁটকাটা”, ব্যতিক্রম হলো না এবারও। ভারতীয় ক্রিকেটের চলতি পরিস্থিতি নিয়ে তিনি যে খুশি নন, অকপটে উগরে দিলেন সেকথা। “মিড ডে” পত্রিকাতে তিনি লিখেছেন,” দেশের ক্রিকেটের স্বার্থে বোর্ডের ক্ষমতার সম্প্রসারণ দরকার। এখন তো শুধু একটা নির্বাচক কমিটি সব ঠিক করে। আর আছে ছোট্ট একটা ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি।”
নির্বাচক এবং কোচ নিয়ে সাম্প্রতিক বিতর্ক এবং প্লেয়ার বাছাইয়ের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নানাবিধ অসঙ্গতি ঘিরে ব্যাপক জলঘোলা হয়ে চলেছে। চলছে নিরন্তর বিতর্ক। এই পরিস্থিতিতে এই কমিটির ভূমিকা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
বর্তমানে অ্যাডভাইসারি কমিটিতে আছেন মাত্র তিন জন। অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে এবং সুলক্ষণ নায়েক। আর এটা নিয়েই খোঁচা দিয়েছেন গাভাস্কার। বুঝিয়ে দিয়েছেন মুষ্টিমেয় কিছু লোক যেন সবটাই পরিচালনা করতে চাইছে। আর বাইরে বসে আছে ভারতীয় ক্রিকেটের রথি মহারথীরা।
একেবারে নাম করেই তিনি লিখেছেন,” তিনজনের পরিবর্তে পরামর্শদাতা কমিটি আরও বড় করা হোক। সেই কমিটিতে আনা হোক সচিন তেন্ডুলকর, এমএস ধোনি, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, অনিল কুম্বলে, রবি শাস্ত্রী এবং বীরেন্দ্র সেওয়াগের মতো দক্ষ এবং অভিজ্ঞ প্রাক্তনদের। “
গাভাস্কার তাঁর নিবন্ধে লিখেছেন,”এই কমিটির হাতে বোর্ডের নির্বাচকদের নির্বাচন করার ক্ষমতা দেয়া হোক। শুধু তাই নয়,এদের হাতে থাকুক কোচ বাছাইয়ের ক্ষমতা।” গাভাস্কার লিখেছেন, “একবার ভাবুনতো ভারতীয় ক্রিকেটের এই উজ্জ্বল নক্ষত্রগুলোকে কাজে লাগাতে পারলে শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, দেশের ঘরোয়া ক্রিকেটের চেহারাও এরা কতটা পাল্টে দিতে পারবে!”
