রানার প্রতিবেদন : ফ্রান্সের সংবাদপত্র প্রকাশ্যে নিয়ে এলো রাফাল দুর্নীতি ( Rafale Scam )। ৫৯ হাজার কোটি টাকা দিয়ে ৩৬ টি রাফাল যুদ্ধবিমান ( Rafale Fighter Jet ) ফ্রান্সের সংস্থা ডেসল্টের কাছ থেকে কিনেছে ভারত। এই যুদ্ধবিমান কেনা নিয়ে এর আগেও একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠেছে। বিরোধী দল কংগ্রেস ( Indian National Congress ) এ নিয়ে বারবার সরব হয়েছে। ফ্রান্সেও ( France ) একাংশ সংবাদমাধ্যম বারবার ইঙ্গিত দিয়েছে রাফাল কেনাবেচায় দুর্নীতির দিকে।
ফ্রান্সের বিখ্যাত সংবাদপত্র মিডিয়াপার্ট তাদের ওয়েবদাইট সংস্করণের এক প্রতিবেদনে রাফাল চুক্তি সংক্রান্ত কিছু কাগজপত্র সামনে এনে দাবি করেছে, এই চুক্তিতে দুর্নীতি হয়েছে। এই প্রতিবেদন সামনে আসার পর ফরাসি সরকারের ( French Government ) পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এক সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন তদন্ত করে তাদের রিপোর্ট জমা দেবে ফরাসি সরকারের কাছে। প্যারিসের এই পদক্ষেপের পরই দিল্লিতে মুখ খুলেছে বিরোধীদল কংগ্রেস।
দলের মুখপাত্র রণবীর সূর্যবালা দাবি করেন, রাফাল চুক্তির তদন্তের ( Rafale Contract Investigation ) জন্য যৌথ সংসদীয় কমিটি গঠন করা উচিত কেন্দ্রীয় সরকারের। যদিও রাফাল সংক্রান্ত বিষয়ে আজ সরকার কিংবা শাসক দলের পক্ষ থেকে টু শব্দ করা হয়নি। কংগ্রেসের অভিযোগ, ইউপিএ সরকারের সময়ে ফ্রান্সের এই সংস্থার সঙ্গেই চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী একেকটি যুদ্ধবিমান কেনার মূল্য স্থির হয়েছিল ৫৬০ কোটি টাকা।
পরবর্তীকালে মোদি সরকার ক্ষমতায় এসে এই চুক্তি বাতিল করে দেয়। কংগ্রেসের অভিযোগ মোদি সরকার এক একটি রাফাল বিমান দ্বিগুণ দামে ক্রয় করেছে। হয়েছে নতুন চুক্তি। ফলে এই চুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করে প্রথম থেকে সরব ছিল কংগ্রেস। যদিও বারবার করে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি সরকার। সরকার সমস্ত ধরনের তদন্তের দাবিও খারিজ করে দিয়েছে।
মিডিয়াপার্ট দাবি করেছে, রাফাল চুক্তিতে ভারতীয় দালাল এর ভূমিকা ছিল। জনৈক দালাল এই চুক্তির হাত ধরে পকেটস্থ করেছে অন্তত ৯ কোটি টাকা। এরকম আরও কিছু লুকোনো মুখ আছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। মিডিয়াপার্টের এই রিপোর্টের পর যাবতীয় কৌতুহল এখন ফরাসি তদন্তের দিকে।
