করোনা যোদ্ধা, চালচুলহীনদের জন্য এক বীরাঙ্গনার নজিরবিহীন লড়াই

|

রানার ডেস্ক : পোষ্টারটা বাংলায় হলেও, ঘটনাটা এই বাংলায় নয়, যদিও এরকমই দাবি নিয়ে আজ কলকাতার রাস্তায় পোস্টার হাতে দাঁড়িয়ে ছিলেন বাম নেতারা। তাদের জোর করে তুলে নিয়ে যাওয়া হলো লালবাজারে। পরে ছেড়েও দেওয়া হয়। এই যে মিছিল আর পোস্টার দেখছেন, এটা প্রতিবেশী বাংলাদেশের ছবি। আন্দোলনের উদ্যোক্তা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল সংক্ষেপে বাসদ।

বাংলাদেশে এখন নাকি করোনা আক্রান্ত মানুষের থেকে চাল চোরের সংখ্যা বেশি। আর সব চোরই নাকি শাসক দলের। কি আশ্চর্য ! দলনেত্রী শেখ হাসিনা তার দলের নেতাদের শাসাচ্ছেন কিন্তু শুনছে না কেউ। এবছর নাকি সেদেশে ভয়ঙ্করভাবে বেড়েছে সর্দিকাশিতে মৃত্যুর সংখ্যা। বিরোধীরা বলছে এসবই করোনায় মৃত, কিন্তু সরকার স্বীকার করছে না। যাই হোক এতো গেল বাংলাদেশের শাসককুলের বিষয়।

বাংলাদেশে এখন আলোচনার বিষয় বাসদ এবং তার নেত্রী ডা: মনীষা চক্রবর্তী। বাসদ এখনও পর্যন্ত শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পেরেছে বরিশাল জেলাতে। সেখানে করোনার প্রকোপ শুরু হতেই অদৃশ্য হয়ে গেছেন শাসক দলের নেতারা। শুধু চাল চুরির খবরেই তাদের নাম দেখা যাচ্ছে। গত পুরসভা নির্বাচনে ব্যাপক জালিয়াতি করে মেয়র পদে মনীষাকে হারিয়ে যিনি পুরপিতা হয়েছেন, তিনি এখন লকডাউনে মানুষের চরম খাদ্য সঙ্কটের সময়, নিভৃতে বসে মুরগির ঠ্যাং চিবিয়ে যাচ্ছেন আর চোখের আড়ালে বসে গরিবের দুঃখে চোখের জলে ভাসছেন।

অন্যদিকে নিজের বাহিনী নিয়ে কার্যত দাপিয়ে বেড়াচ্ছেন ডা:মনীষা। করোনা আতঙ্ক মাথাচাড়া দিতেই জেলায় নামজাদা চিকিৎসকদের এনে সেমিনার করে করোনা সংক্রমণ ঠেকাতে সচেতনতা অভিযান শুরু করেন তিনি। ছাত্র-ছাত্রীদের নিয়ে সেমিনার করে গড়ে তোলেন সচেতনতা বাহিনী। শুরু হয় মানুষকে সজাগ করা। তারপর লকডাউন শুরু হতে “একমুঠো চাল” কর্মসূচির মাধ্যমে দরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া শুরু করেন মনীষা ও তার দল বাসদ।

সেইসঙ্গে চালু করেছেন বিনামূল্যে এম্বুলেন্স পরিষেবা। এখন গোটা দেশের নজর কেড়ে নিয়েছে “মানবতার বাজার”। নিঃস্ব মানুষগুলোকে কার্ড বিতরণ করেছে বাসদ। তাদের পরিবারের সদস্য পিছু হিসেব করে প্রতিদিন চাল, ডাল, শাক সবজি থেকে মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হয় বিনামূল্যে। এমনকি ছোটদের জন্য চকোলেট আছে এই বাজারে, একদম ফ্রি।

প্রচুর মানুষ ফোন করে করে সাহায্যের প্রস্তাব দিচ্ছেন, কেউ নগদ অর্থ, কেউ তুলে দিচ্ছেন নিজের ক্ষেতের কুমড়ো, কেউ বা পুঁই শাক। মানুষকে এই দুর্দিনে সাহায্য করার উদ্যোগটাকে গন আন্দোলনের চেহারা দিয়েছেন মনীষা ও তার দল বাসদ। আর মুদ্রার অন্য পিঠে???

আরও পড়ুন