রানার প্রতিবেদন : দু’ দুটো সংসার ভেঙেছে। এবার তৃতীয় বিয়ে করে নতুনভাবে ঘর সাজিয়েছেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে খুবই সংক্ষিপ্ত আয়োজনে তিনি বিয়ে সেরেছেন। ‘স্যাটারডে নাইট লাইভ’খ্যাত কলিন জোস্টকে বিয়ে করেছেন তিনি। এই জুটির বিয়ের খবরটি প্রকাশ করেছে ‘মিলস অন হুইলস’।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই চ্যারিটির পক্ষ থেকে লেখা হয়েছে, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, স্কারলেট জোহানসন ও কলিন জোস্ট এই উইকেন্ডে বিয়ে করেছেন। তাদের ইচ্ছা বিয়ের এই খবরের মাধ্যমে মিলস অন হুইলসের উপকার হোক। এই দম্পতির সুখ কামনা করে আপনারা দান করতে পারেন।’ স্কারলেটের মুখপাত্রও এই অভিনেত্রীর বিয়ের খবরটি নিশ্চিত করেছেন।
দুই তারকার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সেই ২০১৭ সালের মে মাসে। সেই থেকেই স্কারলেটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান কমেডিয়ান কলিন জস্ট। এরপর তাদের বাগদান সম্পন্ন হয় ২০১৯ সালের মে মাসে। এবার ২০২০ সালের অক্টোবরের শেষ সপ্তাহে বিয়ে সারলেন তারা। স্কারলেট জোহানসন প্রথম বিয়ে করেছিলেন ২০০৮ সালে ‘ডেডপুল’খ্যাত তারকা রিয়ান রিনল্ডসকে।
সেই বিয়ে ভেঙে যায় ২০১১ সালে। এরপর ২০১৪ সালে দ্বিতীয়বার ঘর বাঁধেন রোমেইন ডাউরিয়াকের সঙ্গে। সে ঘরও ভাঙে ২০১৭ সালে। তার পর থেকেই ‘ম্যারেজ স্টোরি’খ্যাত অভিনেত্রী সম্পর্ক গড়েন কলিন জস্টের সঙ্গে। মিলস অন হুইলস আমেরিকা নামের একটি দাতব্য সংস্থার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে তাদের বিয়ের ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আয়োজনে কাছের মানুষদের উপস্থিতিতে তারকা জুটির বিয়ে সম্পন্ন হয়।
তারা বিয়ের খরচ বাঁচিয়ে সেই অর্থ দান করেছেন দাতব্য সংস্থাটিতে। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে করোনা মহামারি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে সংস্থাটিতে দান করার জন্যও আহ্বান করা হয়।মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ‘আয়রন ম্যান টু’ ও ‘অ্যাভেঞ্জার্স’ ফ্র্যাঞ্চাইজিতে ব্ল্যাক উইডো চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন স্কারলেট জোহানসন।
বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রী তিনি। এখানেই শেষ নয়, গত বছর ‘ম্যারিজ স্টোরি’ সিনেমার জন্য অস্কারে মনোনয়ন পেয়েছিলেন এই অভিনেত্রী। স্কারলেট জোহানসনকে আগামীতে দেখা যাবে মারভেলের প্রতীক্ষিত ‘ব্ল্যাক উইডো’ সিনেমায়। এতে নামভূমিকায় অভিনয় করছেন স্কারলেট। কোভিড পরিস্থিতির কারণে সিনেমাটির মুক্তির তারিখ কয়েকবার পরিবর্তন করা হয়েছে।
আপাতত ২০২১ সালের মে মাসে সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে। চলতি বছরে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’র বিশাল সাফল্যের সুবাদে স্কারলেটের উপার্জন হয়েছে ৫৬ মিলিয়ন ডলার। ডিজনির মার্ভেল স্টুডিওসের আগামী সিনেমা ‘ব্ল্যাক উইডো’ থেকেও মোটা অংকের আয় নিশ্চিত করেছেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী। ফোর্বসের ফাঁস করা হাঁড়ির খবর অনুসারে, এ বছর স্কারলেট জোহানসন আয় করেছেন ৪৬৯ কোটি টাকা।
এই সংখ্যা তাঁকে বিশ্বের সবচেয়ে দামি নারী তারকার স্বীকৃতি দিয়েছে। গত বছরের তুলনায় এই বছর তিনি ১৩৪ কোটি টাকা বেশি আয় করেছেন। নিঃসন্দেহে এই আয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ‘অ্যাভেঞ্জার্স: দ্য এন্ডগেম’ ছবিটি। তবে নারী ও পুরুষ যৌথ তালিকায় তিনি বিশ্বের সবচেয়ে আয় করা তারকাদের মধ্যে আছেন অষ্টম স্থানে।ফোর্বস উল্লেখ করেছে, এবছর সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রীদের মোট আয় ৬৯ শতাংশ বেড়ে ৩১৪.৬ মিলিয়ন ডলার হয়েছে।
কিন্তু এই অংকটা তাদের পুরুষ সহ-অভিনেতাদের মোট আয়ের চেয়ে অনেক পিছিয়ে। একই সময়ে সেরা আয়ের পুরুষ অভিনেতাদের মোট উপার্জন ৫৮৮.৩ মিলিয়ন ডলার। অপরদিকে কমেডিয়ান কলিন জস্ট সম্প্রতি তার আত্মজীবনী ‘অ্যা ভেরি পাঞ্চ্যাবল ফেস: অ্যা মেময়্যার’ প্রকাশ করেছেন। বইটি নিউইয়র্ক টাইমসের বেস্টসেলার তালিকায় জায়গা করে নেয়।
