রানার প্রতিবেদন : আমাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘তাণ্ডব’-এর নির্মাতা ও অভিনেতাদের স্বস্তি মিলল না সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরও। এই ওয়েব সিরিজের বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজ্যে একাধিক এফআইআর দায়ের হওয়ার পর সম্ভাব্য গ্রেফতারি এড়াতে সর্বোচ্চ আদালতে রক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন অভিনেতা জিসান আয়ুব, অ্যামাজোন প্রাইমের ক্রিয়েটিভ হেড অপর্ণা পুরোহিত ও ওয়েব সিরিজের নির্মাতা হিমাংশু কিসান মেহরা।
কিন্তু তাঁদের এই আর্জি বুধবার খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তবে বিভিন্ন জায়গায় এ সংক্রান্ত মামলা মুম্বইয়ে স্তানান্তরিত করার যে আবেদন তারা জানিয়েছিলেন, তা বিবেচনা করে দেখতে রাজি হয়েছে সর্বোচ্চ আদালত। এইসঙ্গে আগাম জামিনের আবেদন নিয়ে সংশ্লিষ্ট হাইকোর্টের দ্বারস্থ হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে আবেদনকারীদের। আবেদনকারীদের পক্ষে এ দিন আদালতে সওয়াল করেন বরিষ্ঠ আইনজীবী ফলি নরিম্যান, মুকুল রোহতগী ও সিদ্ধার্থ লুথরা।
উল্লেখ্য, চলতি মাসের গোড়ায় আ্যামাজন প্রাইমের ওটিটি প্ল্যাটফর্মে ‘তাণ্ডব’ মুক্তি পাওয়ার পরই বিতর্ক শুরু হয়ে যায়। বিশেষ করে আপত্তি ওঠে বিজেপি শাসিত রাজ্যগুলি ও গেরুয়া শিবিরের বিভিন্ন সংগঠন থেকে। অভিযোগ, এই ওয়েব সিরিজে ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা’ হয়েছে। তাছাড়া ওয়েব সিরিজের একটি চরিত্রে দেশের প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ছোট করা হয়েছে এবং উত্তরপ্রদেশ পুলিশকে ছোট করে দেখানোর অভিযোগ নিয়ে একাধিক মামলা রুজু হয় বিভিন্ন রাজ্যে।
‘তাণ্ডব’-এর নির্মাতা ও কলাকুশলীরা নিঃশর্ত ক্ষমা চাওয়ার পরও পরিস্থিতি বিশেষ বদলায়নি। এমনকী সিরিজের বিতর্কিত অংশগুলি বাদ দেওয়ার কথাও ঘোষণা করা হয়। এ দিনও আদালতে সেই প্রসঙ্গ তোলেন আবেদনকারীর আইনজীবীরা। সইফ আলি খান, ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভার গোহর খান অভিনীত এই ওয়েব সিরিজটি কিন্তু ইতিমধ্যে হৈচৈ ফেলে দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। এর মধ্যেই শুরু হয়েছে বিতর্ক, তাঁর জল গড়িয়েছে আইনের কোর্টে।
