রানার প্রতিবেদন : ঘর ভাঙার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। এবার তাই সামনে চলে এল। স্ত্রী নুসরত জাহানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ চেয়ে নোটিশ পাঠালেন নিখিল জৈন। এমন খবরই এখন চর্চায় সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়। তবে এ নিয়ে এখনই মুখ খুলতে চাননি নিখিল। বলেছেন, যা বলার পরে বলবেন। সদ্য বিজেপিতে যোগ দেওয়া যশ দাশগুপ্তর সঙ্গে তৃণমূল সাংসদ নুসরতের ঘনিষ্ঠ রসায়ন যতই সামনে আসছিল, ততই নিখিল-নুসরতের দাম্পত্যে ফাটলটা চওড়া হচ্ছিল।
এ নিয়ে সোশ্যাল মিডিয়াও গত কয়েকদিন ধরেই সরগরম। তবে সম্পর্কের এই টানাপোড়েন নিয়ে নিখিল বা নুসরত কেউই কখনও কোনও পোস্ট করেননি। এমনকী এমন কথাও শোনা গেছে, দূরত্ব যতই বাড়ুক, এখনও নিখিলের ক্রেডিট কার্ড ব্যবহার করেন নুসরত। নিখিল অবশ্য ইনস্টাগ্রাম বা অন্য কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিবাহ বিচ্ছেদের বিষয়ে মুখ খোলেননি।
তবে গত কয়েকদিন ধরে কান পাতলেই শোনা যাচ্ছিল গুঞ্জন। নিখিল-নুসরতের মধ্যে দূরত্ব যত বেড়েছে, ততই ঘনিষ্ঠ রসায়ন স্পষ্ট হয়েছে ‘যশ-রতের’। দক্ষিণেশ্বর মন্দির চত্বরে যশকে নিয়ে নুসরতের উপস্থিতি এই জল্পনাকে আরও উসকে দেয়। কিছুদিন আগে ‘ডিকশনারি’র প্রিমিয়ারে দু’জনের হাসিমুখ ছবিও সামনে এসেছিল।
যশ-নুসরতের ‘বন্ধুত্ব’ রাজনৈতিক মহলেও চর্চার বিষয় হয়ে উঠেছে। যশ সম্প্রতি গেরুয়া শিবিরে নাম লেখানোর পর নুসরাতকে নিয়ে জল্পনা শুরু হয়। তবে এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন নুসরত। যশও বলেছেন, নুসরত তাঁর বন্ধু। এর মধ্যে রাজনীতির কোনও ছোঁয়া নেই।
