রানার ডেস্ক : ইয়াসের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নিজেই পশ্চিমবঙ্গে আসছেন আগামীকাল। প্রথমে তিনি ওড়িশার ঝড় বিধস্ত এলাকাগুলো পরিদর্শন করবেন আকাশপথে। তারপর আসবেন পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্থ বিস্তীর্ণ এলাকার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে। আকাশপথে পরিস্থিতি খতিয়ে দেখার পর তার আসার কথা কলকাতায়।
ঝড় পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন এর বিষয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রাজভবনে। আগামীকাল প্রধানমন্ত্রী প্রথম যাবেন ওড়িশা। আকাশপথে সফর করবেন বিধ্বস্ত এলাকা। তারপর বৈঠক করবেন উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে। এই বৈঠক শেষে চলে আসবেন এ রাজ্যে।
এখনও পর্যন্ত নিশ্চিত না হলেও শোনা যাচ্ছে বিধ্বস্ত এলাকা ঘুরে দেখার সময় হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী ও থাকতে পারেন। তবে নবান্ন সূত্রে এখনো একশো শতাংশ নিশ্চিত করা হয়নি এ সংবাদের। খবর অনুযায়ী ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে প্রধানমন্ত্রীর দপ্তরকে বলা হয়েছে, প্রাথমিক ক্ষয়ক্ষতির যে হিসাব রাজ্য সরকারের কাছে এসে তার পরিমাণ ১৫ হাজার কোটি টাকা।
যদিও রাজ্য সরকার বলছে, এটা প্রাথমিক ক্ষয়ক্ষতির একটা হিসেব। পূর্ণাঙ্গ হিসেবে পাওয়া যাবে পরে। বিস্তীর্ণ এলাকা এখনো জল প্লাবিত। বহু দুর্গম এলাকায় এখনো পর্যন্ত প্রশাসনের কর্তারা ঢুকতে পারছেন না। সেই সমস্ত জায়গা থেকে জল নামলে ক্ষয়ক্ষতির মূল্যায়ন সম্পূর্ণভাবে করা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এই মুহুর্তে, আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলো ঘুরে দেখতে আসছেন। তারপর তিনি কলকাতায় এসে পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।
