গোটা রাজ্যে টিকার জন্য একটাই নম্বরে যোগাযোগ, জেনে নিন সেই নম্বর

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : এবার টিকাকরণ ( Covid-19 Vaccination ) করতে সারা রাজ্য জুড়ে অভিন্ন হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল রাজ্য সরকার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের ( Health Department ) তরফ থেকে একটি অ্যাপ চালু করা হয়েছে। যার পোশাকি নাম ‘সিভিআর’ ( CVR ) । সেখানেই দেওয়া হয়েছে এই হোয়াটসঅ্যাপ নম্বর। নম্বরটি হল ৮৩৩৫৯৯৯০০০। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ( Chandrima Bhattacharya ) এই ঘোষণা করে জানিয়েছেন, এখন থেকে ভ্যাকসিন নিতে আর স্বাস্থ্য কেন্দ্রে ( Vaccination Center ) গিয়ে দাঁড়ানোর প্রয়োজন নেই।

চেনা-পরিচিত ধরারও দরকার নেই। রাজ্য সরকারের দাবি, টিকা নিয়ে বিভ্রান্তি এবং জটিলতা দূর করতে এই নতুন অ্যাপ চালু করল রাজ্য সরকার। এই অ্যাপের মাধ্যমে যে কেউ ভ্যাকসিনের স্লট বুকিং করতে পারবেন। প্রথম অথবা দ্বিতীয়, যে কোনও ডোজ নেওয়ার আগে অ্যাপে নাম নথিভুক্ত করা যাবে। যে হোয়াটস অ্যাপ নাম্বার দেওয়া হয়েছে তাতে যোগাযোগ করলে ব্যবহারকারীর কাছ থেকে কিছু দরকারি তথ্য জেনে জানিয়ে দেওয়া হবে কবে কোথায় তিনি পেতে পারেন ভ্যাকসিন।

মঙ্গলবার এই অ্যাপের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম সহ-দপ্তরের শীর্ষ আধিকারিকরাও। চন্দ্রিমাদেবী জানান, অ্যাপের সাফল্য জানতে ইতিমধ্যেই কলকাতায় পাইলট প্রজেক্ট হয়েছে। কলকাতা পুরসভা ( KMC ) এতদিন অ্যাপটি ব্যবহারও করেছে। এখন রাজ্যের যে কোনও মানুষ এই সিভিআর অ্যাপ ব্যবহার করে ভ্যাকসিন নিতে পারবে। দ্রুত ভ্যাকসিনের স্লট পেতে নয়া অ্যাপ রাজ্যের। তবে সমস্যা রয়েছে অন্য জায়গায়।

কলকাতা পুরসভা ইতিমধ্যেই পাইলট প্রজেক্ট শুরু করলেও সেটা কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। প্রথম দিন ৫০০০০ লোক নাম নথিভুক্ত করে ফেলায় পড়ে প্রায় ১০ দিন ধরে সেই অ্যাপ বন্ধ রাখতে বাধ্য হয়েছিল কলকাতা পুরসভা। এর পাশাপাশি বিভিন্ন অঞ্চলের নাগরিকদের থেকে এমন অভিযোগ আসছিল যে টেকনিক্যাল সমস্যা থাকার কারণে সার্ভার ( Server ) মাঝেমধ্যেই ডাউন থাকত। ফলে নির্দিষ্ট তথ্য দিলেও সঠিকভাবে বুকিং করা যেত না।

সারা রাজ্য জুড়ে চালু করার আগে এই সমস্যাগুলো দূর করার প্রয়োজন ছিল বলেই মনে করছে সরকারি মহলের একাংশ। শুধু কলকাতাতেই একদিনে ৫০০০০ নাম নথিভুক্ত হলে সারা রাজ্য জুড়ে সেই সংখ্যাটা কোথায় পৌঁছাবে তা নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন। সেক্ষেত্রে আবার বেশ কয়েকদিনের জন্য সেই হোয়াটসঅ্যাপ নম্বর বন্ধ রাখতে হতে পারে। যদিও তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানায়নি স্বাস্থ্য দপ্তর। ফলে নানা ধোঁয়াশা রয়েই গেল। কার্যকারিতা নিয়েও প্রশ্ন থাকল।

আরও পড়ুন