রানার প্রতিবেদন : রাশিয়ার ( Russia ) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ( Vladimir Putin ) এবং মার্কিন ( USA ) প্রেসিডেন্ট জো বাইডেন ( Joe Biden )- দুই নেতার শীর্ষ বৈঠকে আলোচনা প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়েছিল। যদিও সেটা নির্ধারিত সময়ের চেয়ে অনেক কম। রাশিয়ান নেতা পুতিনকে উপহার হিসাবে বাইডেন একটি কাস্টম-মেইড এভিয়েটর সানগ্লাস ( Custom Made Aviator Sunglass ) দিয়েছেন। সেইসঙ্গে পুতিনকে বাইসনের একটি স্ফটিকের ভাস্কর্যও উপহার দেওয়া হয়। এসবই এখন চর্চিত বিষয়।
তবে এসবকে ছাপিয়ে গেছে অন্য একটি খবর। ভ্লাদিমির পুতিনের ( Vladimir Putin ) জীবন বিত্তবৈভবে ভরপুর। হাতের ঘড়ি থেকে শুরু করে বিমান, সবকিছুতেই চূড়ান্ত বিলাসিতার ছাপ। পুতিনের বিমানের গতিও সবচেয়ে বেশি। তবে খবর হল, ব্যক্তিগত এই বিমানের টয়লেটটি সোনার পাতে মোড়ানো। যেখানে আছে জিম এবং সোনা দিয়ে মোড়ানো বিরাট আকারের খাটও। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ওই বৈঠক করতে ব্যক্তিগত বিমানে করে সুইজারল্যান্ড যান পুতিন।
‘ফ্লায়িং ক্রেমলিন’ ( Flying Kremlin ) নামের এই বিমানটির মূল্য ভারতীয় মুদ্রায় ৪,০০০ কোটি টাকারও বেশি। বিলাসবহুল এই বিমানের টয়লেটসহ অনেকটাই সোনায় মোড়ানো। রুশ প্রেসিডেন্টের ব্যবহৃত বিমানটি তৈরি করেছে ভোরোনেজ এয়ারক্র্যাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশন। এর গতিবেগ ঘণ্টায় ৫৬০ কিলোমিটার। নিও-ক্লাসিক্যাল স্টাইলে তৈরি বিমানটির কনফারেন্স কক্ষেও রয়েছে সোনার কারুকাজমণ্ডিত টেবিল। রয়েছে বিলাসীতার যাবতীয় সুবিধা।
বিমানটিতে আছে বড়সড় জিম, দামি মদে সাজানো বার এবং শয্যাকক্ষ। প্রতিটি কোনায় চোখে পড়ে সোনার আভিজাত্য। কিন্তু একই সঙ্গে প্রয়োজনীয় কমান্ড সেন্টারও রয়েছে বিমানটিতে। এই কমান্ড সেন্টার থেকে সেনাবাহিনীকেও পরিচালনা করা যায়। ফলে বিমান ভ্রমণে থেকেও যুদ্ধ পরিচালনা করতে পারেন পুতিন। এই সোনায় মোড়ানো বিমানে চড়েই সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছান রুশ প্রেসিডেন্ট।
