মেক ইন ইন্ডিয়ার বিপুল সাফল্য, চিন থেকে ভারতে আসছে মার্কিন কোম্পানিগুলি

|

রানার ডেস্ক : একটা দুটো নয়, একসঙ্গে আমেরিকার ২০০ টি কোম্পানি চিন থেকে ব্যবসা গুটিয়ে ভারতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করলো। বাণিজ্য পত্রিকা মিন্ট-এর ওয়াশিংটন থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম-এর প্রেসিডেন্ট মুকেশ আঘি জানিয়েছেন, দশটি মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে, কিভাবে চিন থেকে তাদের ব্যবসা গুটিয়ে এনে ভারতে বিনিয়োগ করা যায়।

এ সংক্রান্ত পরিকাঠামো নিয়ে সার্বিক আলোচনা শুরু হয়েছে। ফোরামের প্রেসিডেন্ট জানিয়েছেন, ভারত সরকার তার ”মেক ইন ইন্ডিয়া” কর্মসূচির মাধ্যমে কি কি ভাবে বিনিয়োগ সহায়ক পরিবেশ দিতে পারে সেই সমস্ত বিষয়ে মার্কিন কোম্পানি গুলিকে জানানো হয়েছে। বলা হয়েছে, বিনিয়োগ প্রক্রিয়া দ্রুত ও মসৃণ করাই নয় গোটা প্রক্রিয়াকে স্বচ্ছ্ রাখতে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মূল মন্ত্র হলো প্রক্রিয়ায় স্বচ্ছতা। জমি হোক কিংবা শুল্ক, সব ক্ষেত্রেই নতুন ভাবনা চিন্তা প্রয়োগ করা হচ্ছে। ভারতের গোটা প্রক্রিয়া আকর্ষণীয় মনে হওয়ায়, মার্কিন কোম্পানিগুলি এখন কমিউনিস্ট দৈত্যের খপ্পর থেকে বেরিয়ে ভারতের নতুন সুযোগ গ্রহণ করতে উৎসাহী হয়ে উঠেছে।

ফোরাম কর্তা আরও জানিয়েছেন, প্রাক্তন মার্কিন বাণিজ্য প্রতিনিধি মার্ক লিনস্কট এখন ভারত ও মার্কিন কোম্পানিগুলির মধ্যে লাগাতার যোগাযোগ রেখে চলেছেন। তিনি এও বলেন, এই মুহূর্তে যেটা জরুরি সেটা আমরা সুপারিশও করেছি। সুপারিশে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব ভারত ও আমেরিকার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে।

সে ক্ষেত্রে একদিকে সস্তার চিনা দ্রব্যের প্রবেশ আটকানো যাবে, অন্যদিকে ভারতে বিপুল কর্মসংস্থানের দরজা খুলে যাবে। মার্কিন সংস্থাগুলির আগ্রহ যাতে বাস্তবায়িত হয় তারজন্য একটি যৌথ পর্ষদ গড়ে তোলা হয়েছে, যার নেতৃত্বে আছেন সিস্কোর সাপ্লাই চেন অপারেশনের প্রধান জন কেরন। তিনি বলেন, ভারতে নির্বাচন পর্ব চুকলেই আমরা কাজে ঝাঁপিয়ে পড়বো।

আরও পড়ুন