নিজস্ব প্রতিনিধি, কলকাতা : দীর্ঘদিন ধরেই বেহাল দশা। কলকাতা পুরসভার Labour কোয়ার্টারের যথেষ্ট খারাপ অবস্থা। তবুও চলছে জীবনযাপন। আংশিক সংস্কার হয়েছে। বাকি আরও অনেক কাজ। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হয়ে পড়ে রয়েছে। ৩৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কলকাতা পুরসভার সেক্টর ২ শ্রমিক আবাসন( Labour Quarter )। একটি জায়গার মধ্যে ৭টি কোয়াটার। প্রায় ৭০০ ঘর। প্রায় ২৫০০ লোকের বসবাস।
বেশিরভাগই কলকাতা পুরসভার ( Kolkata Municipal Corporation ) জঞ্জাল সাফাই বিভাগের কর্মী কিংবা গাড়ির চালক। পরিবার নিয়ে এই কোয়ার্টারেই বসবাস। কিন্তু বিগত বহুবছর ধরে কোয়ার্টারের অবস্থা যথেষ্ট বেহাল। ভিতরে ভাঙ্গা রাস্তা। অপরিসর গলি। ঘিঞ্জি অস্বাস্থ্যকর পরিবেশে চলছে বসবাস। বছরখানেক আগে অবশ্য ৪ নম্বর কোয়ার্টার সংস্কার করা হয়েছে। কিন্তু বেশিরভাগ অংশে বছরের পর বছর ধরে কোনও কাজ হয়নি। এই অবস্থাতেই চলছে জীবনযাপন।
সম্প্রতি কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের ( Firhad Hakim ) কাছে আবেদন জানিয়েছিলেন স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর সোমা চৌধুরি। ফিরহাদ হাকিম বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। সোমা চৌধুরি বলেন, জঞ্জাল সাফাই বিভাগের ( Garbage Sanitation Department ) কর্মীদের কাছে আমরা কৃতজ্ঞ। এই মহামারীর অবস্থায় তারা রাস্তায় নেমে মানুষকে পরিচয় দিয়েছেন। কিন্তু তাঁদের থাকার জায়গার অবস্থাই খারাপ।
সেই কারণেই ফিরহাদ হাকিম এবং সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত দেবব্রত মজুমদারের কাছে অনুরোধ জানিয়েছি। আশা করছি কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হবে। কলকাতা পুরসভা সূত্রে খবর, পুজোর পরে সংস্কারের কাজে হাত দেওয়া হতে পারে। ইতিমধ্যেই তিন নম্বর শ্রমিক আবাসনের টেন্ডার প্রক্রিয়া চলছে। কিন্তু লকডাউনের জন্য বিশেষ কাজ হয়নি।
