KMC Waiver Scheme : শেষ হল ওয়েভার স্কিম, উপচে পড়ছে কোষাগার

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শেষমেষ ওয়েভার স্কিমে ( Waiver Scheme ) ইতি টানল কলকাতা পুরসভা ( KMC )। দীর্ঘ আট মাসের এই স্কিমে ৫০০ কোটি টাকার বেশি আয় করেছে কলকাতা পুরসভার রাজস্ব বিভাগ। প্রথমদিকে নবান্নের অনুমতি পেতে টালবাহানা চলছে। তারপর গত বছর ৭ অক্টোবর থেকে কলকাতা পুরসভা বকেয়া সম্পত্তি কর ( Property Tax ) আদায়ে এই ওয়েভার স্কিম ( Waiver Scheme ) চালু করেছিল। দুটি ধাপে চলে স্কিম। প্রথম পাঁচ মাস ১০০ শতাংশ সুদ এবং পেনাল্টিতে ছাড় দেওয়া হয়।

পরের তিন মাস সুদের উপর সেই ছাড় ১০০ শতাংশ এবং পেনাল্টিতে সেই ছাড় থাকে ৬০ শতাংশ। এই ১০০ % ছাড় দেওয়া কলকাতা পুরসভার ( Kolkata Municipal corporation ) ইতিহাসে নজিরবিহীন। ৩১ মে পর্যন্ত চলার পর এই ওয়েভার স্কিম শেষ হল। পুরসভার রাজস্ব বিভাগ ( Department of Revenue ) সূত্রে জানা গিয়েছে, ৮ মাসে মোট ৫৩৫ কোটি ৭৫ লক্ষ ৪২ হাজার ৬৫৬ টাকা আদায় করা গিয়েছে। প্রথম ধাপে অর্থাৎ ৭ অক্টোবর থেকে গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৩১৯ কোটি ৯৫ লক্ষ ২৫ হাজার ৭৭৩ টাকা বকেয়া কর আদায় হয়।

এই সময়ে সুদ এবং পেনাল্টিতে ১০০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল। পরে মার্চ মাস পর্যন্ত তা বাড়ানো হয়। এরপর এপ্রিল এবং মে মাসে সুদে ছাড়ের পরিমাণ ১০০ শতাংশ থেকে কমিয়ে ৭০ শতাংশ করা হয়। এই ২ মাসে বকেয়া কর আদায়ের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ২৮ লক্ষ ৬৫ হাজার ৯৬৯ টাকা। সঙ্গে সাসপেন্স খাতে বকেয়া কর জমা হয় ২১১ কোটি ৫১ লক্ষ ৫০ হাজার ৯১৪ টাকা। সব মিলিয়ে বকেয়া কর জমা দিয়েছেন মোট ৮০ হাজার নাগরিক।

যা নিয়ে যথেষ্ট উৎফুল্ল কলকাতা পুরসভার রাজস্ব বিভাগের কর্তারা। রাজস্ব বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, করোনাকালে কলকাতা পুরসভার কোষাগারে অর্থ সংকট দেখা দেয়। সেখানে এই স্ক্রিম নিয়ে আসা ছাড়া গতি ছিল না। কিন্তু করোনার মধ্যেও যেভাবে বকেয়া সম্পত্তি কর আদায় হয়েছে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কলকাতা পুরসভার আধিকারিকরা অর্থ আদায়ের জন্য মাঠে ময়দানে কোমর বেঁধে নেমেছিলেন।

কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমারের ( Binod Kumar ) কাছে রাজস্ব বিভাগ যে রিপোর্ট পেশ করেছে, সেখানে বলা হয়েছে, রাজস্ব আদায়ের শহরের ৮ টি ইউনিটই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। বকেয়াধারীদের থেকে টাকা আদায় কার্যত আদাজল খেয়ে নিয়েছিল কর্মীরা। এবং সেই ফল মিলেছে হাতেনাতে।

আরও পড়ুন