বেসরকারি হাতে যেতে চলেছে কলকাতা মেট্রো

|

রানার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবারই বলেছেন, ব্যবসা করা সরকারের কাজ নয়। এবার বোধহয় মেট্রো রেলের ব্যবসাতেও হাত গোটাতে চলেছে সরকার। জন্মের সাড়ে তিন দশক পর কলকাতা মেট্রোকে বেসরকারি হাতে তুলে দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে বলেই খবর। সূত্রের খবর কলকাতা মেট্রোর মূল্য নির্ধারণের কাজ শুরু করতে চলেছে মোদি সরকার। অর্থাৎ মেট্রোর বিলগ্নীকরণের প্রথম ধাপে পা রাখতে চলেছে সরকার।‌

এমনটাই মনে করছে পর্যবেক্ষক মহল। তবে বিলগ্নীকরণ না বলে, বলা হচ্ছে ‘অ্যাসেট মনিটাইজেশন’ বা সম্পত্তির নগদীকরণ। নাম যাই হোক, পর্যবেক্ষকদের ধারণা, এই পর্যায় সম্পূর্ণ হওয়ার পর সরকার মেট্রোর সম্পত্তির অংশ বিক্রি করে দিতে পারে অথবা দীর্ঘ সময়ের জন্য তা লিজ দিতে পারে। কেন্দ্রীয় বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ‘স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট’ বা কৌশলগত বিলগ্নীকরণের কথা বলেছিলেন।‌

এর মাধ্যমে ২০২৪ সালের মধ্যে ২ লক্ষ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রার কথা ঘোষণা করেছেন তিনি। বুধবার প্রধানমন্ত্রী মোদিও বলেছেন, ১০০ টি রাষ্ট্রায়ত্ত সংস্থার ‘বিলগ্নীকরণ’ করে ২ লক্ষ কোটি টাকা তোলা হবে।‌ বিভিন্ন মন্ত্রকের অধীন এ রকম ৩০টি সংস্থার নামের তালিকাও ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলা হয়েছে, যে তালিকায় কলকাতা মেট্রোর নামও রয়েছে বলে সূত্রের খবর। মোদি সরকারের এই একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির উদ্যোগের কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিনও তিনি এই বিষয়টি নিয়ে সরব হন। তবে কলকাতা মেট্রোর বিলগ্নীকরণ নিয়ে ধীর পায়েই এগোতে চাইছে কেন্দ্রীয় সরকার।‌ ১৯৮৪ থেকে কলকাতার পাতালপথে ছুটছে মেট্রো। দেশের প্রথম মেট্রোর সঙ্গে জড়িয়ে গেছে বাংলার মানুষের ভাবাবেগের প্রশ্ন‌ও। সব দিক বিবেচনা করে সরকারের অন্দরে কোমর বাঁধা শুরু হলেও কলকাতা মেট্রোর বিলগ্নীকরণ নিয়ে অন্তত আসন্ন নির্বাচনের আগে মুখ খুলতে চায় না কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন