মেক ইন ইন্ডিয়া, মোদির ডাকে বিস্ময়কর সাড়া বিশ্বে, চিন্তিত চিন

|

রানার ডেস্ক : আত্মনির্ভর ভারতের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নিজেই ” আত্মনির্ভর ভারত” মিশনের কথা ঘোষণা করেছেন। এই ঘোষণার মূল ভিত্তিভূমি রচনা করা হয়েছিল ‘ মেক ইন ইন্ডিয়া ‘ কর্মসূচির মাধ্যমে। ঘোষণা বাস্তবায়িত করতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে বিপুল সাড়া পড়েছে গোটা বিশ্বে। শুধুমাত্র স্মার্ট ফোন তৈরির জন্য যে বিশেষ প্যাকেজে বিস্ময়কর ফল মিলেছে হাতেনাতে।

এদেশে উৎপাদনের বরাত টেনে আনতে স্মার্ট ফোন সংস্থাগুলির জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যার অন্যতম, ১৫ হাজার টাকা দামের বেশি স্মার্টফোন উৎপাদনের ক্ষেত্রে ভারতের সংস্থাকে বরাত দেয়া হলে, অন্তত ৬ শতাংশ ডিসকাউন্ট দেবে কেন্দ্রীয় সরকার। ওই বিদেশি সংস্থা নিজেরাই ভারতে উৎপাদন করতে চাইলে ওই বিশেষ ছাড় সহ আরও কিছু আকর্ষণীয় ইনসেন্টিভ ঘোষণা করা হয়েছে।

এই ঘোষণায় বিপুল ভাবে সাড়া দিয়েছে দুনিয়ার তামাম বহুজাতিক সংস্থা। এই ঘটনায় চিন্তিত চিন। কারন, উৎপাদনের কেন্দ্র হিসেবে বিশ্বের নজর চিন থেকে ঘুরতে শুরু করেছে ভারতের দিকে। ইতিমধ্যে শতাধিক চিনা এপ বন্ধ হয়েছে। পরিবর্তে দেশীয় উদ্যোগে সামনে আসতে শুরু করেছে বিকল্প ভারতীয় এপ। মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে একের পর এক শামিল হচ্ছে বিদেশি বহুজাতিক সংস্থাগুলি।

সামসুং, লাভা কিংবা ডিক্সনের মতো একগুচ্ছ সংস্থার কাছ থেকে উৎপাদনের যে বরাত এসেছে তার পরিমান ৭৩০০০০কোটি টাকা। বিদেশি সংস্থাগুলির বরাত খতিয়ে দেখার জন্য গঠিত এমপাওয়ার্ড কমিটি এই প্রস্তাবগুলি অনুমোদন করেছে। শুধুমাত্র স্মার্টফোন নয়, একগুচ্ছ ইলেকট্রনিক সামগ্রীর ক্ষেত্রে লোভনীয় প্রস্তাব দেয়া হয়েছে। সেই প্রস্তাবগুলিতে ব্যাপক সাড়া আসছে বলে জানা গেছে।

প্রস্তাবগুলি বাস্তবায়নের জন্য একটি নোডাল এজেন্সিকে সামনে রাখা হয়েছে। সমস্ত প্রস্তাব এমপাওয়ার্ড কমিটি অনুমোদন দেবার পর সেই সব প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে পাঠানো হবে। ভারত সরকার চাইছে, বিগত বছরগুলিতে যে ভয়ঙ্কর গতিতে চিন নির্ভরতা বেড়েছে, দেশকে সেখান থেকে বার করে আনতে। একইসঙ্গে আত্মনির্ভরতার দিকে যাত্রা করতে চাইছে দেশ।

চিনা পণ্যের পরিবর্তে ভারতীয় পণ্যকে বিকল্প হিসেবে দার করতেই এদেশের মাটিতে উৎপাদনের জোয়ার আনতে চাইছে সরকার। এই কারণেই নানাবিধ উৎসাহব্যঞ্জক প্রকল্পের মাধ্যমে বিদেশি সংস্থাগুলিকে টেনে আনার চেষ্টা হচ্ছে। পরোক্ষে চিনের মাটি থেকে বিদেশি বহুজাতিক কোম্পানিগুলিকে ভারতে টেনে আনার জন্যও তৈরি হয়েছে বিশেষ পরিকল্পনা।

অদূর ভবিষ্যতে শুধু চিন নির্ভরতা নয়, ভারতের মূল লক্ষ বিদেশের মুখের দিকে তাকানো বন্ধ করে নিজের পায়ে দাঁড়ানো। সেই লক্ষ্যে মোদির নেওয়া পদক্ষেপ শুরুতেই সাফল্যের পথ ধরে এগুতে আরম্ভ করলো।

আরও পড়ুন