নিজস্ব প্রতিনিধি, কলকাতা : মাত্র ১০-১৫ মিনিটে ঝড়ে উপড়ে পড়া বড় গাছ কেটে সাফ করতে সক্ষম। সঙ্গে আধুনিক নানা যন্ত্রপাতি। ইলেকট্রিক করা থেকে শুরু করে বিশেষ ব্লেড। থাকবে সবকিছুই। রাজ্যের প্রত্যেকটি জেলার জন্য ৮ জনের স্থায়ী প্রশিক্ষণপ্রাপ্ত টিম তৈরি করছে রাজ্য বন দপ্তর। প্রতিটি টিমে একজন করে মেকানিক, পরিচালক, ল্যাডার চালক ও গাছ কাটার কর্মী রয়েছেন।
পাশাপাশি, সহযোগী হিসেবে থাকছেন আরও চারজন। মাস্ক, স্যানিটাইজার এবং হেলমেট দেখভাল করবেন তাঁরা। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড় সামলাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জন্য উপড়ে যাওয়া গাছ কাটতে কাঠুরিয়াদের বিশেষ দল নামিয়েছিল বন দপ্তর। বলা যেতে পারে এটা পাইলট প্রজেক্ট।
ওরা খুব ভালো কাজ করেছে। তাই, আগামী দিনে স্থায়ীভাবে প্রত্যেকটি জেলায় এমন ৫-৬টি করে এমন দল প্রস্তুত থাকবে। আধিকারিকের সঙ্গে কথা বলেছি। টিম বানানোর কাজ শুরু করতে বলেছি। যাঁরা প্রাকৃতিক দুর্যোগে মাঠে নেমে কাজ করবে। বনদপ্তরের লোগো বা নাম ছাপানো বিশেষ ইউনিফর্ম দেওয়া হবে তাঁদের।
বনদপ্তর জানাচ্ছে, চলতি বছর ঘূর্ণিঝড়ে এই প্রথম এমন টিম নামানো হয়েছিল। কলকাতায় ১৬টি বরোয় একটি করে রাখা হয়েছিল। তবে কলকাতায় তাঁদের দরকার পড়েনি কলকাতা পুরসভার। কিন্তু, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া সহ বিভিন্ন জেলায় গাছ কাটার কাজ খুব দ্রুত এই টিম করতে পেরেছে।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ২৯৪টি টিম ছিল। সব মিলিয়ে ২৩৫২ জন প্রশিক্ষিত কর্মী মোতায়েন করা হয়। এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই রাজ্যজুড়ে স্থায়ী এমন টিম বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
