নিজস্ব প্রতিনিধি, কলকাতা : যশ ( Yaas Cyclone ) পরবর্তী ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন সাত সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব এস কে সাহি-র নেতৃত্বে এই দল ৬ জুন অর্থাৎ আগামীকাল রবিবার রাতে কলকাতায় আসছে। ৯ তারিখ পর্যন্ত রাজ্যে থাকবেন তাঁরা। ইতিমধ্যেই রাজ্য সরকার ক্ষয়ক্ষতির হিসেব কেন্দ্রের কাছে জমা দিয়েছে। তাহলে কি রাজ্যের দেওয়া হিসেবে বিশ্বাস নেই?
সেই কারণেই কেন্দ্রীয় প্রতিনিধি দল ( Central Government Team ) নিজেরা সরেজমিনে খতিয়ে দেখে হিসেব করবেন বলেই রাজ্যে আসছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ৭ জুন সকালে দুটি দলে ভাগ হবেন তাঁরা। একটি দল যাবে দক্ষিণ ২৪ পরগনায় ও অন্য দলটি যাবে পূর্ব মেদিনীপুরে। প্রথম দলটি সকাল সাড়ে দশটায় ডুমুরজলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে যাবেন দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমায়।
সেখানে সাইক্লোন বিদ্ধস্ত এলাকা পরিদর্শন করার পর সরকারি আধিকারিকদের সাথে বৈঠক করবেন। তারপর বেলা দেড়টা নাগাদ পাথরপ্রতিমা থেকে হেলিকপ্টারে গোসবা ব্লকের বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন। সেখানেও সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। এরপর ফিরে আসবেন কলকাতায়। অপর দলটি ওইদিন সকাল আটটার সময় গাড়ি পথে যাবেন পূর্ব মেদিনীপুরের দীঘা ( Digha )। সেখানে যশ সরেজমিনে এলাকা খতিয়ে দেখে দীঘা, মন্দারমনি ( Mandarmani ) বিভিন্ন জায়গা ঘুরবেন তাঁরা।
এরপর সরকারি আধিকারিকদের সাথে বৈঠক করে বেলা দুটো পনেরো নাগাদ কলকাতার পথ ধরবেন তাঁরা। পরের দিন অর্থাৎ ৮ জুন মঙ্গলবার সকাল ১০টায় নবান্নে ( Nabanna ) অর্থ দফতর ও বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। ৯ জুন দিল্লি ফিরবেন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর আম্ফান এর পরেও রাজ্য সরকার হিসেবে জমা করেছিল।
কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে কেন্দ্রীয় টিম এসেছিল। তাঁদের কাছেও ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরেছিল রাজ্য। পরে কেন্দ্র এবং রাজ্যের ক্ষয়ক্ষতির হিসেবের ফারাক শোনা যায়। কিন্তু তারপর সেই সংক্রান্ত কোনও অর্থ সাহায্য কেন্দ্রের থেকে পায়নি রাজ্য সরকার। এবছর ঘূর্ণিঝড়ের পরেও তেমনভাবেই আসছে কেন্দ্রীয় টিম। এবার কি পশ্চিমবঙ্গের অর্থপ্রাপ্তি হবে? উত্তর অজানা।
