রানার বাংলা:কোথাও বছর অতিক্রান্ত হয়েছে, কোথাও দু’বছর ধরে ঝুলে আছে পুরনির্বাচন। বিজেপির দাবি, গোটা রাজ্যে শতাধিক পুর সভায় ভোট বকেয়া, সেই সব পুরসভাতেই নির্বাচন করাতে হবে। রাজ্য সরকার চাইছে, প্রথমে হাওড়া এবং কলকাতার পুর নির্বাচন করে তারপর ধাপে ধাপে রাজ্যের বাকি পুরসভাগুলিতে ভোট করাতে। সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির । আদালত নির্বাচন কমিশনকে তাদের বক্তব্য জানিয়ে হলফনামা জমা দিতে বলেছে। ফলে গোটা বিষয়টি এখন বিচারাধীন।
এই অবস্থায় হাওড়া এবং কলকাতা পুরভোটের জন্য নিজেদের নির্বাচনী কমিটি ঘোষণা করে দিল গেরুয়া শিবির। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, একদিকে আইনি লড়াই অন্যদিকে ভোটের জন্য প্রস্তুতি দুটোই একসঙ্গে করতে চাইছেন তারা। কারণ তারা ধরেই নিয়েছেন, বিষয়টি আদালতে গেলেও নিকট ভবিষ্যতেই হতে চলেছে পুরভোট।
পুরভোটের জন্য দুটি কমিটি তৈরি হয়েছে। একটি কলকাতা এবং একটি হাওড়া। কলকাতার জন্য তৈরি কমিটির মাথায় রাখা হয়েছে তিন জনকে, অর্জুন সিং রাজু ব্যানার্জি এবং জ্যোতির্ময় সিং মাহাতো । এছাড়াও একটি প্রচার কমিটি তৈরি করা হয়েছে গোটা কলকাতার জন্য। কমিটির মাথায় রয়েছেন তৃণমূল থেকে আসা দীনেশ ত্রিবেদী। তার সহযোগী হিসেবে কাজ করবেন চারজন, তুষার কান্তি ঘোষ, রুদ্রনীল ঘোষ, বিজয় ওঝা এবং বৈশালী ডালমিয়া। এছাড়া ১৪ সদস্যের একটি প্রচার কমিটিও তৈরি করা হয়েছে। এই কমিটিতে আছেন রূপা গাঙ্গুলী, স্বপন দাশগুপ্ত, শিশির বাজরিয়া এবং রিতেশ তিওয়ারি। এছাড়া কলকাতা পুরসভার ১৩টি বোরোর জন্য আলাদা আলাদা নির্বাচনী কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটিগুলির মাথায় রয়েছেন একজন করে বিধায়ক। এছাড়াও কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ, দুটি স্বতন্ত্র নির্বাচনী কমিটিও তৈরি করা হয়েছে। কলকাতা উত্তর নির্বাচন কমিটির মাথায় রয়েছেন কল্যান চৌবে এবং কলকাতা দক্ষিণের নির্বাচন কমিটির মাথায় রয়েছেন অগ্নিমিত্রা পাল।
এদিকে হাওড়া পুরভোটের জন্য তৃনমূল থেকে আসা রথিন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বেই তৈরি করা হয়েছে কমিটি। যে রথীন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে বিবাদের সূত্রপাত এবং দলের হাওড়া জেলা সভাপতির বিদ্রোহ এবং বহিস্কার সেই রথীন চক্রবর্তীর হাতেই থাকছে কমিটির নেতৃত্ব। তৃণমূল নেতার সঙ্গে চারজন কনভেনার এবং আট জন সদস্য রাখা হয়েছে। আট সদস্যের মধ্যে আছেন তৃনমূল থেকে আসা জটু লাহিড়ী, বাণী সিংহ রায় এবং শীতল সরদার এর মত নেতা। বিজেপির দাবি, এই কমিটি তাদের কাজ এখন থেকেই শুরু করে দেবে। অদূর ভবিষ্যতেই পুরভোটের লড়াইয়ে নামতে হবে ধরে নিয়েই কোমর বেঁধে ময়দানে নেমে পড়ল গেরুয়া শিবির
