ইমরানের ফোনেও আড়ি পেতেছে মোদি সরকার? উদ্বিগ্ন পাকিস্তান

|

রানার ডেস্ক : পেগাসাস স্পাইওয়্যার ( Pegasus Spyware ) এককথায় ঝড় তুলেছে ভারতে। এবার সেই ঝড় আছড়ে পড়ল প্রতিবেশী পাকিস্তানেও ( Pakistan )। আমেরিকার বিখ্যাত সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে লেখা হয়েছে, শুধুমাত্র ভারতের রাজনীতিবিদ, আমলা, বিচারক,এবং সাংবাদিক শুধু নয়, প্রতিবেশী দেশেও থাবা বসিয়েছে স্পাইওয়্যার। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ( Imran Khan ) একটি ফোনেও আড়ি পাতার চেষ্টা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওয়াশিংটন পোস্টে।

যদিও এই খবর নিশ্চিত করে বলা হয়নি ইমরানের ফোনে আড়িপাতার প্রচেষ্টা সফল হয়েছিল কিনা। যদিও ওয়াশিংটন পোস্টের খবরে উদ্বেগ ছড়িয়েছে পাকিস্তানে। পোস্টের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল ইমরানের সঙ্গে। কিন্তু তিনি ধরা দেননি। পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন এটা আরও স্পষ্ট করে দিল, মোদি সরকারের অনৈতিক কর্মকাণ্ড শেষ পর্যন্ত কতদূর গিয়ে পৌঁছতে পারে।

আজ সারাদিন সংসদ তোলপাড় হয়েছে স্পাইওয়্যার এর ঘটনা ঘিরে। “দা ওয়ার” ( The Wire ) নামে একটি ওয়েবসাইট, যারা তদন্তমূলক সাংবাদিকতার জন্য বিখ্যাত, তারা গোটা দিন ধরে একের পর এক ব্রেকিং নিউজ চালিয়ে জানিয়েছে ভারতবর্ষের কোন শীর্ষ আমলা, নেতা এবং সাংবাদিকের ফোন ট্যাপ করা হয়েছে। এদের মধ্যে যেমন আছেন রাহুল গান্ধী ( Rahul Gandhi ) তেমনি রয়েছে প্রশান্ত কিশোর ( Prashant Kishor )। ফোন ট্যাপ করা হয়েছে বিচারপতির এমনকি নির্বাচন কমিশনারের।

রাফাল যুদ্ধবিমান ( Rafal Fighter Jet ) কেনা নিয়ে দুর্নীতির ঘটনা ঘটেছে এই সংক্রান্ত রিপোর্ট লিখে যিনি হইচই ফেলে দিয়েছিলেন সেই সাংবাদিক সুশান্ত সিংয়ের ফোন ট্যাপ করা হয়েছে বলে লিখেছে পোস্ট। ওয়াশিংটন পোস্টে লেখা হয়েছে, ফ্রান্সের একটি অলাভজনক সংস্থা এবং এমেনেস্টি ইন্টারন্যাশনাল এর কাছে এসে পৌঁছেছে স্পাইয়ের কর্মকাণ্ডের খুঁটিনাটি তথ্য। কিন্তু সবচেয়ে অবাক করেছে বিষয়টি শুধু ভারতবর্ষে সীমাবদ্ধ না থেকে থাবা বসিয়েছে প্রতিবেশী পাকিস্তানেও।

আদৌ ইমরানের ফোন হ্যাক হয়েছে কিনা হ্যাক হলেও ভারতের কাছে কোন তথ্য এসে পৌঁছেছে, তা নিয়ে এখন উদ্বিগ্ন পাকিস্তানের গোয়েন্দা বিভাগ। বলা হচ্ছে সন্ত্রাসবাদ দমনের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে চেয়েছিল ভারত সেই অনুযায়ী ইজরায়েলি ( Isreal ) সংস্থার কাছ থেকে এই প্রযুক্তি আমদানি করেছিল তারা। কিন্তু ওয়াশিংটন পোস্ট লিখেছেন সেই প্রযুক্তি এখন ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য।

আরও পড়ুন