#কলকাতা : মাঝারি বৃষ্টিতেই কার্যত বানভাসি কলকাতা। কলকাতা পুরসভার ( Kolkata Municipal Corporation ) নিকাশি বিভাগের ভঙ্গুর দশা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তারপর বৃষ্টিতে একাধিক জায়গায় গাছ এবং একটি বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে কলকাতায়। কলকাতা পুরসভার টিম গিয়ে বাড়ি ধ্বংসস্তূপ সরিয়েছে। ভেঙেপড়া গাছ সরিয়ে রাস্তা খালি করেছে। বুধবার মধ্যরাত থেকেই বৃষ্টি হয়েছে শহরে। বৃহস্পতিবার দিনভর বৃষ্টি চলেছে। যার জেরে জলমগ্ন হয়েছে শহরে বেশ কিছু এলাকা।
সুকিয়া স্ট্রিট, বিবি গাঙ্গুলী স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ, ঠনঠনিয়া, টেংরা, পিকনিক গার্ডেন, বাইপাস সহ বিভিন্ন এলাকায় যথেষ্ট জল জমেছে। যদিও কলকাতা পুরসভার মুখ্য প্রশাসককে জানিয়েছেন, কিছু কিছু জায়গায় জল জমেছে। কিন্তু দেশের অন্যান্য মেট্রো শহরে যেভাবে বানভাসি অবস্থা, তা কলকাতায় হয়নি। কিছু জায়গায় জল জমেছে তা দ্রুত নেমে যাচ্ছে। এদিকে, এদিন সকালে কলকাতায় লিবার্টি সিনেমা হলের পাশের গলিতে একটি তিনতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে।
বাড়ির বাসিন্দা তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় কলকাতা মেডিকেল কলেজে ( Medical College ) নিয়ে ভর্তি করা হয়েছে। বাকি বাসিন্দাদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলে যায় দমকল এবং কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় গিরিশ পার্ক থানার পুলিশ। অন্যদিকে পার্কস্ট্রিটে ফুটপাতের একটি কাজ পুরোপুরি গোড়া থেকে ভেঙে পড়ে। পরে কলকাতা পুরসভার উদ্যান বিভাগের কর্মীরা গিয়ে গাছ কেটে তা সরিয়ে নিয়ে যায়।
কলকাতা শহরে এদিন দুপুর দুটো পর্যন্ত ৪০ মিলিমিটার গড় বৃষ্টিপাত হয়েছে। তাতেই ভেসে গিয়েছে কলকাতা। কলকাতা পুরসভার সব পাম্পিং স্টেশন ( Pumping Station ) কাজ শুরু করেছে। চালানো হচ্ছে ৩৭৭টি পাম্প ( Pump )। কিন্তু তারপরেও শহরের বিস্তীর্ণ এলাকায় জল নামানো যায় নি। বিশেষ করে মেট্রোর কাজের জন্য বাইপাসে বিভিন্ন জায়গায় জল জমেছে।
তবে কয়েকটি অঞ্চল থেকে ধীরে ধীরে জল নামছে বলে দাবি করেছে কলকাতা পুরসভা। বিশেষ করে, দুপুরে কয়েকঘণ্টা জোয়ার থাকায় লকগেট বন্ধ ছিল। তার ফলে জল জমেছে বলেই দাবি পুরসভা। বিকেলে লক গেট খুলে দেওয়ার পর আস্তে আস্তে জল নেমে গিয়েছে বলে দাবি করেছে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ।
