#কলকাতা : দীর্ঘ প্রায় তিন বছরের ব্যবধানে সোনিয়া গান্ধী ( Sonia Gandhi ) মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নানা রকম জল্পনা। তাহলে কি শেষ পর্যন্ত কাছাকাছি আসছে তৃণমূল কংগ্রেস ( TMC ) এবং জাতীয় কংগ্রেস ( INC )? সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রাজ্য তথা জাতীয় রাজনীতিতে। বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ ১০ নম্বর জনপথে সোনিয়া গান্ধীর বাড়িতে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )।
মনে করা হচ্ছে মোদি বিরোধী জোটের রণকৌশল স্থির করতে দুই হেভিওয়েট রাজনীতিবিদের এই বৈঠক। বাংলার বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং বামেদের জোট তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের সম্পর্কে ফাটল ধরিয়ে ছিল। কিন্তু দীর্ঘ পুরাতন সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক আগে যেমন ছিলে এখনও তেমন আছে। এদিন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মোদি বিরোধী ঐক্যবদ্ধ জোট তৈরি করতে হবে।
সেক্ষেত্রে জোটের মুখ কে তারপরে নির্ধারণ হবে। তার আগে সকলের সঙ্গেই তিনি আলোচনা করতে চান। সেই লক্ষ্যেই সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। সোনিয়া গান্ধী নিজেও মমতা বন্দ্যোপাধ্যায় কে ব্যক্তিগতভাবে যথেষ্ট পছন্দ করেন। তার উপর বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপি কে যেভাবে দূর্মুস করেছে তৃণমূল কংগ্রেস সেক্ষেত্রে মমতা বন্দোপাধ্যায়ের প্রতি সোনিয়া গান্ধীর ভরসা আরো বেড়েছে।
রাজনৈতিক মহল মনে করছে, এই বৈঠকের পর কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সম্পর্ক আগের মতন ভালো হবে। সম্প্রতি সংসদে রাহুল গান্ধীর ডাকা বৈঠকে তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিল না। কিন্তু সংসদে বিভিন্ন ইস্যুতে ঐক্যবদ্ধ লড়াই করেছে তৃণমূল এবং কংগ্রেস। সেই বন্ধুত্বে এবার সরকারি সীলমোহর পড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে। সোনিয়া এবং মমতার বৈঠকের পর তাহলে কি ফের কাছাকাছি আসবে তৃণমূল এবং কংগ্রেস।
আবারো একত্রে হাত এবং ঘাসফুল জোট করবে, এই নানা প্রশ্ন যখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। বৈঠক সূত্রে খবর, সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় কে তার বিপুল জয় এর শুভেচ্ছা জানিয়েছেন। এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোট তৈরি করতে তৎপর তাতে নিজের সহমত পোষণ করেছেন কংগ্রেস সভানেত্রী। সেক্ষেত্রে আগামী দিনে বিরোধী জোটের রণকৌশল কি হবে, সহমতের ভিত্তিতে নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা কি হবে, সেই সব নিয়েই একপ্রস্থ সোনিয়ার সঙ্গে মমতার বৈঠকে আলোচনা হয়েছে বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর।
