মশা মারতে কামানের সঙ্গে এবার নামানো হচ্ছে ড্রোন

|

#কলকাতা : ডেঙ্গু ( Dengue ) নিধনে বিশেষ অভিযানে নামল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। শুরু হয়েছে বিভিন্ন বরো ভিত্তিক প্রশাসনিক বৈঠক। সেখানে শহরের কোন এলাকায় কতজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, তার বিগত তিন বছরের হিসেব ধরে পর্যালোচনা চালানো হচ্ছে। ঠিক হয়েছে, বর্ষার মরশুমে আগামী তিন মাস ডেঙ্গু বিরোধী অভিযান চালাবে কলকাতা পুরসভার ভেক্টর কন্ট্রোল বিভাগ।

সোমবার কলকাতা পুরসভার ( KMC ) ১১ নম্বর বরো এলাকায় বৈঠক করেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ। বৈঠকের নিকাশি, ভেক্টর কন্ট্রোল, জঙ্গল সাফারি শহর কলকাতা পুরসভার বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানে ২০১৯, ২০২০ এবং ২০২১ সালের ডেঙ্গু রিপোর্ট নিয়ে ট্যালি করা হয়। দেখা যায় ২০১৯ সালে ওই অঞ্চলে মাত্র দুটি ডেঙ্গু কেস পাওয়া গিয়েছিল। গত দু’বছরে সেই সংখ্যাটা শূন্য। যা দেখে সন্তোষ প্রকাশ করেছেন অতীন।

ঠিক হয়েছে, বিভিন্ন বন্ধ থাকা স্কুল কলেজ এবং নির্মীয়মান বহুতল আবাসনে বিশেষ অভিযান চালানো হবে। যে আবাসন কর্তৃপক্ষ কলকাতা পুরসভার কর্মীদের ভেতরে ঢুকতে দেবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কোন নির্মীয়মান আবাসনে ঢুকতে দেওয়া না হলে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ সেখানে কাজ বন্ধের নোটিশ ঝুলিয়ে দেবে। এই প্রসঙ্গে অতীন ঘোষ বলেন, গত দু’বছরে কলকাতায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৫০% কমে গিয়েছে।

কিন্তু তাই বলে আত্মতুষ্টিতে ভোগার কোন জায়গা নেই। কারণ বৃষ্টি বেশি হলে মশা বাহিত রোগের প্রকোপ বেশি দেখা দেয়ার সম্ভাবনা থাকে। তাই বিশেষ অভিযান শুরু হয়েছে। কলকাতা পুরসভা বছরভর ডেঙ্গু নিধনে বিভিন্ন জায়গায় জলাজমিতে জীবাণুনাশক স্প্রে করার কাজ করে। কিন্তু দেখা যায় বিভিন্ন বহুতল আবাসন বিশেষ করে নির্মীয়মান আবাসনে জল জমে ডেঙ্গু মশার জন্ম দিচ্ছে। সেই কারণে নির্মীয়মান আবাসনের ঢুকে জীবাণুনাশক স্প্রে করার কাজে বিশেষ জোর দেয়া হবে।

ঠিক হয়েছে, এভাবে কলকাতা পুরসভায় ১৬টি বরোতেই ( Borough ) প্রশাসনিক বৈঠক করা হবে। এবং ডেঙ্গু ( Dengue ) নিয়ে পর্যালোচনা চলবে। আগামীকাল বুধবার ১০ নম্বর বরোয় প্রশাসনিক বৈঠকের কথা রয়েছে। ডেঙ্গু নিধনে কাজে লাগানো হবে ড্রোন ( Drone )। বিভিন্ন সুউচ্চ ইমারত কিংবা নির্মীয়মান বাড়ির উপরে ড্রোন উড়িয়ে জমা জল আছে কিনা খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন