ইমরানের ফোনেও আড়ি? ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেবার হুমকি পাকিস্তানের

|

রানার প্রতিবেদন : পেগাসাস ( Pegasus ) কাণ্ডে ক্রমশ সুর চড়াচ্ছে ইসলামাবাদ ( Islamabad )। তাদের অভিযোগ স্পাইওয়্যার ( Spyware ) ব্যবহার করে তাদের দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের ( Imran Khan ) ফোনেও আড়ি পেতেছে মোদি সরকার। এমনকি পাকিস্তানের সামরিক বাহিনীর অফিসার এবং অন্যান্য আমলাদের ফোনেও আড়িপাতা হয়েছে বলে অভিযোগ তাদের। রবিবার এক সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শদাতা শাহজাদ আকবর।

সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফাহাদ চৌধুরী। তাদের অভিযোগ, পাকিস্তানের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার ( Indian Govt )। বেশকিছু এনজিওর মাধ্যমে সেই কাজ করা হচ্ছে বলে অভিযোগ তাদের। তারা বলেন, এবার সামনে এলো ফোনে আড়ি পাতার মতো ভয়ঙ্কর ঘটনা।

পাক মন্ত্রীর দাবি,পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির মাধ্যমে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে। তারপর সেই তদন্ত রিপোর্ট নিয়ে তারা দ্বারস্থ হবেন আন্তর্জাতিক মঞ্চে। ভারত সরকারের পাকিস্তানবিরোধী এই আচরণ তুলে ধরা হবে রাষ্ট্রসঙ্ঘে ( United Nations ) এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের মঞ্চেও। নয়া দিল্লির উদ্দেশ্যে তারা হুমকি দিয়ে বলেন, এর একটা হেস্তনেস্ত তারা করেই ছাড়বেন।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারত সরকার বেশকিছু আমলা, সাংবাদিক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীর ফোনে আড়ি পেতেছে। শুধু তাই নয় সেই তালিকায় ইমরান খানের নামও যুক্ত করা হয়েছে। বলা হয়েছে, ইমরান খানের একটি ফোনে স্পাইওয়ারের মাধ্যমে আড়ি পাতার চেষ্টা হয়েছে।

কিন্তু সেই চেষ্টা সফল হয়েছে কিনা ওয়াশিংটন পোস্টের রিপোর্টে তা স্পষ্ট করে বলা হয়নি। সেই রিপোর্ট নিয়েই এখন জলঘোলা করতে চাইছে ইসলামাবাদ। সাংবাদিক সম্মেলন থেকে বলা হয়, খুব দ্রুত এর যথাযথ তদন্ত শুরু হবে এবং সেই রিপোর্ট নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে সরব হবে ইসলামাবাদ।

আরও পড়ুন