নির্দিষ্ট সময়ে উপনির্বাচন ঘিরে অনিশ্চয়তা, চাপ বাড়াতে প্রস্তুতি মমতার

|

কলকাতা : রাজ্যের নটি আসনের উপনির্বাচন ( By Election ) কবে হবে এখনও নিশ্চিত নয়। তবে নবান্ন ( Nabanna ) সূত্রে খবর, উপনির্বাচন করানো নিয়ে তাদের কোনও আপত্তি নেই বলেই জানিয়েছে নির্বাচন কমিশন ( Election Commission of India )। আপত্তি থাকার কথাও নয়, কিন্তু প্রশ্নটা হলো কবে হবে সেই ভোট? এই প্রশ্নে নীরব কমিশন। এই উপনির্বাচনে সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে ভবানীপুর ( Bhabanipur Constituency )। যেখান থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) লড়বেন।

স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ রয়েছে। তবে তৃণমূল কংগ্রেস ( TMC ) নিজেদের ঘুঁটি সাজানোর শুরু করে দিয়েছে। কোন আসনে কে প্রার্থী হবে তা বাছাইয়ের কাজ চলছে। বেশ কয়েকটি আসনে প্রার্থীদের ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে নিজের কেন্দ্র ভবানীপুরের বাইরে কলকাতার কাছাকাছি রয়েছে খড়দা বিধানসভা আসন ( Khardaha Constituency )।

সেখান থেকে এক তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়তে পারেন রাজ্যের প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ( Sovandeb Chattopadhyay )। তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কেন্দ্রে লড়বেন বলে তিনি ইতিমধ্যেই ওই আসনের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। অন্যদিকে খড়দা আসনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী কাজল সিনহা ( Kajal Sinha )। তাঁর মৃত্যুর পর ওই কেন্দ্র ফাঁকা।

পাশাপাশি শান্তিপুর কেন্দ্রে ( Shantipur Assembly Constituency ) তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বেন স্থানীয় এক মহিলা চিকিৎসক। যদিও দলের তরফ থেকে তৃণমূল কংগ্রেস তাঁর নাম প্রকাশ্যে আনছে না। কোচবিহারের দিনহাটা কেন্দ্রে উদয়ন গুহ। ওই আসনে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক ( Nisith Pramanik ) বিজেপির প্রার্থী হয়ে বিধানসভাতেও জিতেছেন। কিন্তু তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। ওই আসনে নিশীথের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী উদয়ন গুহকেই ফের উপনির্বাচনে টিকিট দেওয়া হবে বলে খবর।

অন্যান্য কেন্দ্র নিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে তৃণমূল কংগ্রেস মনে করছে উপনির্বাচন করানো নিয়ে চূড়ান্ত টালবাহানা করতে পারে বিজেপি। সেই কারণে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে। সেইসঙ্গে উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়ে কমিশনের ওপর মানসিক চাপ তৈরি করতে চাইছে তৃনমূল। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার উপনির্বাচনও বাকি।

রাজ্যসভার উপনির্বাচন কবে হবে তা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে উপনির্বাচনের ক্ষেত্রে কোথাও কোনও বাধা নেই। ফলে বিধানসভা উপনির্বাচনে তাহলে হতে পারে, তেমনটাই মনে করছে বাংলার শাসক দল। যদিও বিজেপি বিধানসভা উপনির্বাচন নিয়ে টালবাহানা করলে তার পাল্টা রণকৌশলও প্রস্তুত রাখতে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন