রানার ডেস্ক : পুজোর আগেই রাজ্যে মোট ২৪ হাজার শিক্ষক নিয়োগ ( Teacher Appointment ) করা হবে। আজ প্রকাশ্যে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ( Mamata Banerjee )। তিনি বলেন, প্রাথমিক ১০ হাজার এবং উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। পুজোর পরে আরও ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে।
সরকারি সূত্রে জানানো হয়েছে, খুব দ্রুত স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ( School Service Commission Website ) নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা চলতে থাকায় নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল। আদালতে বিষয়টি শেষ হবার পর আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর ঘোষণাকে আদৌ গুরুত্ব দিতে রাজি নয় বিরোধী শিবির। আজ এনিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি রাজ্য সহ সভাপতি জয় প্রকাশ মজুমদার বলেন, এসব ঘোষণার কোনও গুরুত্ব নেই। অতীতে বহুবার ঘোষণা করা হয়েছে, শিক্ষক নিয়োগ ( Teacher Appointment ) হয়নি। অথচ তৃনমূল নেতারা তাদের পকেট ভরিয়ে নিয়েছে।
এই ঘোষণা সেই রকম কোনও উদ্দেশ্য নিয়ে করা হয়েছে কিনা সেটা আগে দেখতে হবে, মন্তব্য বিজেপি নেতার। এদিন মুখ্যমন্ত্রী অবশ্য দাবি করেছেন, স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা নেওয়া হবে এবং নিয়োগ হবে সম্পুর্ন মেধার ভিত্তিতে। উল্লেখ্য তৃনমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে সব চেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে শিক্ষক নিয়োগকে ঘিরে।
লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে অযোগ্য ব্যক্তিরা যেমন চাকরি বাগিয়ে নিয়েছে, তেমনি ব্যাপক হারে স্বজন পোষনের অভিযোগও উঠেছে। অভিযোগ উঠেছে, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার। এই বিষয়টি মাথায় রেখেই হয়ত মুখ্যমন্ত্রীকে বলতে হলো, এবার নিয়োগ হবে মেধার ভিত্তিতে।
