নিজস্ব প্রতিনিধি, কলকাতা : প্রথম দিনেই হিট ‘দুয়ারে ত্রাণ’ ( Duare tran ) প্রকল্প। রাজ্যের বন্যা বিধ্বস্ত জেলাগুলিতে নাগরিকের ক্ষতিপূরণের টাকা পৌঁছে দিতে কয়েকদিন আগে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। বৃহস্পতিবার ছিল সেই প্রকল্পের প্রথম দিন। বিভিন্ন দুর্যোগ বিধ্বস্ত অঞ্চলে ক্যাম্প করে আবেদনপত্র সংগ্রহ করা হয়েছে। প্রথম দিনেই ক্যাম্পে নাম নথিভুক্ত করেছেন ২০৩৯৩ জন।
১৮ ই জুন পর্যন্ত চলবে এই ক্যাম্প। প্রতিটি গ্রামে গ্রামে ক্যাম্প করবে সরকার। সেখানে গিয়ে সাধারণ মানুষ ক্ষতিপূরণের আবেদন করতে পারেন। এই আবেদন খতিয়ে দেখা হবে ১৯ থেকে ৩০ জুন পর্যন্ত। তার পরে ১ জুলাই থেকে ৮ জুলাইয়ের মধ্যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পৌঁছে যাবে। প্রাণ প্রকল্পে প্রাথমিকভাবে এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী।
ওয়াকিবহাল মহল বলছে, এইভাবে ত্রাণ বা ক্ষতিপূরণ দেওয়ার কর্মসূচি বাংলায় তো বটে ভারতবর্ষে প্রথম। গতবছর আমফানের সময় ক্ষতিপূরণের অর্থ নিয়ে নানা রকমের দুর্নীতির অভিযোগ উঠেছিল। কাটমানি খেয়েছিলেন তৃণমূলের নেতা মন্ত্রীরা, অভিযোগ তুলেছিল বিরোধী পক্ষ।
কিন্তু এভাবে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হলে অভিযোগের আর কোনও জায়গা থাকবেনা। কারণ, দুর্নীতি হবে না বলেই মনে করছে সরকারি মহল। এবং মমতার মস্তিষ্কপ্রসূত এই কর্মসূচিকে মাস্টার স্ট্রোক বলে মানছে রাজনৈতিক মহল।
একদিকে দুর্নীতি বন্ধ, অন্যদিকে দ্রুত ক্ষতিপূরণের অর্থ মানুষের হাতে পৌঁছে দেওয়া, সব মিলিয়ে এই কর্মসূচি অনেকটাই সাফল্য পাবে বলে আশাবাদী সরকারি আধিকারিকরা।
