রানার প্রতিবেদন : যুদ্ধ মানেই তছনছ লণ্ডভণ্ড চারপাশে। যুদ্ধ মানেই হাজার মৃত্যু আর ধ্বংসযজ্ঞের পাঁয়তারা। যুদ্ধ মানেই গোলাপের বাগানে গ্ৰেনেডের ভয়াল বিস্ফোরণ। কদিন আগে প্যালেস্তাইনে ইজ্ররায়েলের ( Israel ) বর্বর হামলাতেই সেটা বোঝা গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবৰ্তী সময়ে আজ গোটা বিশ্বজুড়েই যে নীরব যুদ্ধের দামামা বাজছে, তার আগুনে পুড়ছে লিবিয়া, সিরিয়া, ইরাক, প্যালেস্তাইন, দক্ষিণ সুদান, লাইবেরিয়াসহ বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মানুষ।
আজ তাঁদের স্বপ্নে হানা দেয় যুদ্ধ আর যুদ্ধাস্ত্ৰের গম্ভীর আওয়াজ। তবু যুদ্ধে তছনছ এই দুনিয়ার বুকেই কেউ কেউ আজও দেখছেন আশার স্বপ্ন, কেউ নিভৃতে চাষ করে যাচ্ছেন যুদ্ধহীন এক পৃথিবীর দৃশ্যপট। প্যালেস্তাইনের রামাল্লার পশ্চিম তীরের বিলিন গ্ৰামের বাসিন্দা বাসেম ইব্ৰাহিম আবু রাহমা ২০০৯ সালে ইজরায়েলি বাহিনীর ছোড়া গ্যাস গ্ৰেনেডের আঘাতে মারা যান।
সেই থেকে বাসেমের মা সবেয়া আবু রাহমা ইজরায়েলি সেনাবাহিনীর ছোড়া গ্ৰেনেডের খোলসকে পরিণত করেছেন ফুল বাগানে। সেই বাগানে হচ্ছে বিভিন্ন ফুলের চাষ। আর এই ফুল চাষে মাটির টবের জায়গায় ব্যবহৃত হচ্ছে গ্ৰেনেডের খোলস। এ এক অদ্ভুত প্ৰতিবাদ। রাহমা বলেছেন, ‘বছরের পর বছর ধরে ইজরায়েলি সৈন্যদের ছোড়া গ্যাস গ্ৰেনেডের খোলস কুড়িয়ে এই বাগান করেছি।
ফুল খুবই প্ৰিয় ছিল আমার ছেলের।ছেলের ফুলপ্ৰীতি গোটা প্যালেস্তাইন তথা বিশ্ব মানবতার দরবারে উপস্থাপন করতেই আমি এই উদ্যোগ নিই। পরে স্থানীয় মানবাধিকার কৰ্মী ও পশ্চিমতীরবাসীরা আমাকে এই কাজে প্ৰেরণা জোগান।’ প্যালেস্তাইনের ডেকোরেশন আর্টিস্ট সামি পরিত্যক্ত গ্যাস গ্ৰেনেডের মাথা নিখুঁতভাবে কেটে তা ফুল চাষের যোগ্য করে তোলেন।
সামি বলেন, ‘আমরা গ্ৰেনেডগুলোকে ফুলে রূপান্তরিত করতে চাই। আট বছর ধরে আমরা ইজরায়েলি আগ্ৰাসনের বিরুদ্ধে লড়াই করছি। যখন তারা আমাদের ভূমির ওপরই দেওয়াল নিৰ্মাণ করতে শুরু করেছে তখন থেকেই মূলত সমস্যার শুরু।আমাদের জোর করে আমাদেরই জায়গা থেকে সরিয়ে দেওয়া হল। দেয়ালের কাছ ঘেঁষতে দেওয়া হয় না আমাদের।
দেয়ালের ওপারে যাঁদের জমি আছে তাঁরা চাষবাসের জন্য যেতে পারছিলেন না। তারা দেয়াল থেকে দূরে রাখতে সব সময়ই গ্যাস গ্ৰেনেড ছুড়ে মেরেছে আমাদের দিকে। আমাদের সন্তানরা মারা যাচ্ছে প্ৰতিনিয়ত।’ তারপর থেকেই যুদ্ধ ও যুদ্ধাস্ত্ৰকে ঘৃণা করতে শুরু করেন যুদ্ধবিদ্বেষী মা সাবেয়া। শুরু করেন তাঁর এই অভিনব ফুলের চাষ, যা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর গালে এক জব্ব্রর থাপ্পড়।
