রানার প্রতিবেদন : মাইক্ৰোসফটের ( Microsoft ) প্ৰতিষ্ঠাতা বিল গেটস ( Bill Gates ) একদা ছিলেন বিশ্বের ১ নম্বর ধনকুবের। এখন আর শীর্ষে নেই, তবুও আজও তিনি দুনিয়ার চতুৰ্থ ধনী ব্যক্তি। নিজের প্ৰোগ্ৰামিং দক্ষতার জন্য সমগ্ৰ বিশ্বের পরিচিত মুখ বিল। এখন তিনি কৃষিতেও নিজের দক্ষতা দর্শাতে চাইছেন। আমেরিকার বিখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোবৰ্সের ( Forbes American Business Magazine ) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ( USA ) বেসরকারি খাতে সবচেয়ে বেশি কৃষিজমির মালিক এখন বিল গেটস। এরই মধ্যে তিনি দেশটির প্ৰায় আড়াই লাখ একর কৃষিজমি কিনে নিয়েছেন।
মাৰ্কিন সাময়িকী ল্যান্ড রিপোৰ্টের তথ্য অনুযায়ী, বিল গেটস ২ লাখ ৪২ হাজার একর কৃষিজমি কিনেছেন। এসব জমির বেশিরভাগই ফ্লোরিডা ও ওয়াশিংটন অঞ্চলে। দ্য ল্যান্ড রিপোৰ্টের গবেষণা অনুসারে, গেটসের ব্যক্তিগত বিনিয়োগ সংস্থা ‘ক্যাসকেড’ এবং তিনি নিজেই ব্যক্তিগতভাবে এসব জমিতে বিনিয়োগ করছেন। এছাড়া খাদ্য-সুরক্ষা সংস্থা ‘ইকোল্যাব’, ব্যবহৃত-গাড়ি খুচরা বিক্ৰেতা ‘ভুম’ এবং কানাডিয়ান জাতীয় রেলওয়ে এই খাতে বিনিয়োগ করেছে।
তিনি দক্ষিণ এশিয়ায় কৃষি রূপান্তরে সহায়তা নিয়ে কাজ করছেন। একই সাথে আমেরিকায় কৃষি জমি কেনা চালিয়ে যাচ্ছেন। বিল গেটস একজন প্ৰযুক্তিবিদ হিসাবেই গোটা বিশ্বে পরিচিত। হঠাৎ করে বিশ্বের একজন ধনী প্ৰযুক্তিবিদের এত বড় কৃষিজমির মালিক হয়ে ওঠাটা অনেককেই বিস্মিত করেছে। তবে কৃষির প্ৰতি গেটসের আগ্ৰহ এবারই প্ৰথমবার নয়।
এর আগে ২০০৮ সালে বিল ও তাঁর স্ত্ৰী মেলিন্ডার ফাউন্ডেশন আফ্ৰিকা ও দক্ষিণ এশিয়ায় উচ্চ ফলন, টেকসই ক্ষুদ্ৰ কৃষি উন্নয়নে ৩০ কোটি ৬০ লাখ ডলার অনুদান ঘোষণা করে। পরবৰ্তীতে এই সংস্থার পক্ষ থেকে জলবায়ু পরিবৰ্তন এবং অধিক দুধ উৎপাদন নিয়ে সুপার ফসলের বিকাশ ও সম্প্ৰসারণেও বিনিয়োগ করা হয়। ল্যান্ড রিপোর্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্যক্তিগত সম্পদ বহুমুখী খাতে বিনিয়োগের জন্য বিল গেটস ও তাঁর স্ত্রী ১৯৯৪ সালে বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পুটনাম ইনভেস্টমেন্টসের বন্ড তহবিল ব্যবস্থাপক মাইকেল লারসনকে নিয়োগ দেন।
এরপর গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান অটোন্যাশন, ম্যাসাচুসেটসের চার্লস হোটেল, স্যান ফ্রান্সিসকোর ফোর সিজনস হোটেল এবং বিভিন্ন অঙ্গরাজ্যে এক লাখ একরের কিছু বেশি কৃষিজমি কেনা হয় তাঁদের নামে। সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যায়, গেটসদের সেই কৃষিজমির পরিমাণ এখন দ্বিগুণের বেশি বেড়েছে।
বিল গেটস এত কৃষি জমিতে কী করবেন, তা এখনও পৰ্যন্ত পরিষ্কার জানা যায়নি। তবে গেটস দম্পতির যে দাতব্য সংস্থা আছে, সেটার কাজে লাগবে এমন উদ্দেশ্যেই সেখানে কিছু করা হবে বলে ধারণা করা হচ্ছে।
ফোবৰ্সের তথ্য অনুযায়ী, ১৮টি অঙ্গরাজ্যে প্ৰায় ১১ হাজার ২০০ কোটি ডলারের জমি কিনেছেন বিল গেটস। এর মধ্যে সবচেয়ে বেশি জমি রয়েছে লুইসিইয়ানায় (৬৯,০৭১ একর), আরকানসাস (৪৭,৯২৭ একর) এবং নেব্ৰাস্কাতে (২০,৫৮৮ একর)। এছাড়া ফিনিকস, অ্যারিজোনার পশ্চিম পাশে ২৫ হাজার ৭৫০ একর ট্ৰানজিশনাল জমিতেও তাঁর অংশ রয়েছে, যেটি একটি নতুন শহরতলি হিসাবে গড়ে উঠছে।
