রানার প্রতিবেদন : গরুর কুঁজে সোনার সন্ধান মিলবে কিনা, সেই বিতর্কের অবসান এখনও হয়নি। তবে ওই গরুর দামই সোনাকেও টেক্কা দিয়েছে। দাম শুনে চোখ কপালে উঠতে পারে। নিলামে গরুটির দাম উঠেছে তিন কোটি টাকারও বেশি। তবে তিনি ‘গো-মাতা’ নন, বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ভাষায়, ‘আন্টি’। বিদেশি গরু। জন্ম তার ইংল্যান্ডে।
একটা বাহারি নামও আছে মহার্ঘ ওই গরুটির। গরুর মালিক আবার পপ গায়িকা ভিক্টোরিয়া বেকহ্যামের ভক্ত। সেই ভক্তির টানেই জন্মের পর এই পোষ্যের নাম রাখেন তিনি পস স্পাইস। গায়িকা ভিক্টোরিয়া বেকহ্যাম যুক্ত ছিলেন গানের ব্যান্ড ‘স্পাইস গার্ল’-এর সঙ্গে। সেই সময় তিনি পরিচিত ছিলেন পস স্পাইস নামে। প্রিয় গায়িকার নামেই গরুটির ওই নাম রেখেছিলেন তার মালিক।
ওই গরুটির মায়ের নামও ছিল জিঞ্জার স্পাইস। স্পাইস গার্লস-এর এক গায়িকার নাম ছিল জিঞ্জার স্পাইস। ১৯৮৯ সালে ক্রিস্টিয়ান উইলিয়াম ও তাঁর বাবা ডন উইলিয়াম দু’জনে মিলে চালু করেন তাঁদের খামার বাড়ি। বাবা ডন অবশ্য ইতিমধ্যে প্রয়াত। তাঁদের সেই খামারেরই বাসিন্দা ছিল মা-মেয়ে জিঞ্জার ও পস স্পাইস। প্রতি বছরই নিলাম হয় ক্রিস্টিয়ানদের খামারের গরু।
কিন্তু এবার যে রকম দাম উঠেছে নিলামে তেমনটা আর নাকি কখনও হয়নি। একটা গরুর দাম ভারতীয় মুদ্রায় তিন কোটির বেশি। দামের নিরিখে কার্যত বিশ্বরেকর্ড করে ফেলেছে গরুটি এমনটা স্বপ্নেও ভাবতে পারেননি ক্রিস্টিয়ান। এত দাম দিয়ে কে কিনলেন পস স্পাইসকে? একজনের সাধ্য হয়নি। ম্যাঞ্চেস্টার ও কেমব্রিজের কয়েকজন গবাদি পশুর কারবারি মিলে গরুটি কিনেছেন বলেই জানা গিয়েছে।
