ভারতের স্কোর নিয়ে হাস্যরসের ছড়াছড়ি, শোয়েব থেকে সেওয়াগ মাতালেন টুইটে

|

রানার ডেস্ক : ভারতের ইনিংস যখন শেষ হচ্ছে, তখন নাকি ঘুম ভেঙেছিল হাক স্পিডস্টার শোয়েব আখতারের। কিন্তু ঘুম ঘুম চোখে ভুলই বুঝেছিলেন তিনি। ‘ঘুম থেকে উঠে দেখলাম (ভারতের) স্কোর ৩৬৯। বিশ্বাসই করতে পারছিলাম না। চোখ–মুখ ধুয়ে তারপর দেখলাম স্কোর আসলে ৩৬/৯। এটাও বিশ্বাস করতে পারছিলাম না, পরে আবার ঘুমিয়ে পড়লাম’, টুইটারে লিখেছেন শোয়েব।

সঙ্গে জুড়ে দেওয়া ভিডিওতে পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার বলেছেন, ‘লজ্জাজনক হার। বিব্রতকর ব্যাটিং। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ব্যাটিং ধসে পড়েছে। আমাদের রেকর্ডও ভেঙে দিয়েছে তারা!’ কেউ জোশ হ্যাজলউড আর প্যাট কামিন্সের বোলিংয়ের প্রশংসায় মেতেছেন, তো কেউ মুণ্ডুপাত করছেন বিরাট কোহলিদের। কেউ আবার পুরো ব্যাপারটাতে মজা খুঁজে পাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতুকও হচ্ছে ভারতের ইনিংস নিয়ে। এর মধ্যে ওই হাস্যরসের জোগান দিয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারও। ভারতের লজ্জার হার নিয়ে মজা করে টুইট করেছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেওয়াগও। ভারতের কোনো ব্যাটসম্যানই দুই অঙ্ক পেরোতে পারেননি। তাতে স্কোরকার্ডটা কারও চোখে দেখাচ্ছে ১১ সংখ্যার টেলিফোন ডিজিটের মতো, আর শেওয়াগের কাছে সেটি ‘ওয়ান টাইম পাসওয়ার্ড’ বা ওটিপি।

তাঁর টুইট, ‘এই পুরো ব্যাপারটা ভুলে যাওয়ার ওটিপি হচ্ছে ৪৯২০৪০৮৪০৪১।‘ সংখ্যাগুলো হচ্ছে ইনিংসে ভারতের ১১ ব্যাটসম্যানের রান! পাকিস্তানের কিংবদন্তি আরেক ফাস্ট বোলার ওয়াসিম আকরামও টুইট করেছেন এই ম্যাচ নিয়ে। এভাবে ম্যাচ শেষ হয়ে যাওয়ায় বেশ চমকে গেছেন ওয়াসিম, ‘কী হলো এটা! আমি একটু গলফ খেলতে গিয়েছিলাম, এসে দেখি ম্যাচ শেষ! অস্ট্রেলিয়ানরা কী দারুণ বোলিংই না করল! পেস বোলিং আসলেই পার্থক্য গড়ে দেয়!’

আরও পড়ুন