দুটির বেশি সন্তান নয়, নতুন জনসংখ্যা নীতি ঘোষণা যোগীর

|

রানার ডেস্ক : নয়া জনসংখ্যা নীতি ( New Population Policy ) ঘোষণা করলো উত্তরপ্রদেশ সরকার ( Government of Uttar Pradesh )। নয়া নীতি অনুযায়ী দুটির বেশি সন্তানের জন্ম দেওয়া যাবে না। দুটির বেশি সন্তান হলেই সরকারি সুযোগ সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হবে। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পদোন্নতি আটকে দেওয়া হবে। এছাড়া যার দুটির বেশি সন্তান থাকবে সে পুরসভা এবং পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে পারবেন না।

এমনকি নানাবিধ সরকারি প্রকল্পের সুবিধা থেকেও তাকে বঞ্চিত হতে হবে। জনসংখ্যা নিয়ে এই কড়াকরির মূল উদ্দেশ্য, রাজ্যের জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। সরকারে লক্ষ্য,আগামী ২০৩০ সালের মধ্যে প্রতি হাজারে জনসংখ্যা বৃদ্ধির হার দুই এর নিচে নামিয়ে আনা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উন্নয়নের স্বার্থেই এই পদক্ষেপ জরুরি।

তার কথায় ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি উন্নয়নের পথে বড় বাঁধা। তিনি বলেন, গোটা পৃথিবীতেই বিষয়টি নিয়ে নানা সময়ে আলোচনা হয়েছে। বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে জনসংখ্যা নিয়ন্ত্রণে নানাবিধ পদক্ষেপ নিয়েছে। তার মতে, দুটো সন্তানের মধ্যে সময়ের ব্যবধানও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ব্যাপরেও সুস্পষ্ট নির্দেশিকা মেনে চলা উচিত নাগরিকের।

উত্তর প্রদেশের আগে, অসম সরকার ( Assam Government ) এই নিয়ম চালু করেছে, যা নিয়ে জোরালো বিতর্ক তৈরি হয়েছে সেই রাজ্যে। বিভিন্ন সংখ্যালঘু সংগঠন প্রকাশ্যে এই নিয়মের বিরোধিতায় সরব হওয়ার পাশাপাশি নয়া আইন উপেক্ষার ডাকও দিয়েছে। অসম সরকারও জানিয়ে দিয়েছে, দুটির বেশি সন্তান হলেই তাকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে।

সরকারি কর্মচারীর ক্ষেত্রে যেমন পদোন্নতি বন্ধ হবে, তেমনি সাধারণ লোকের ক্ষেত্রে ভোটে লড়াই করা এবং সরকারি সুবিধা পাওয়ার ব্যাপারে বিধিনিষেধের মুখে পড়তে হবে।

আরও পড়ুন