রানার ডেস্ক : ২০২২ এর উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে যোগী সরকারের বিরুদ্ধে সমানে সমানে লড়াই দিতে পারবে বিরোধী শিবির। উত্তর প্রদেশে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া তৈরি হয়েছে বলে যে ধারণা নির্মাণ হয়েছিল, সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটে সেই ধারণা ভেঙে চুরে দিয়েছেন যোগী আদিত্যনাথ ( Yogi Adityanath )। বিজেপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয় পেয়েছেন পঞ্চায়েত ভোটে। তারপর প্রশ্ন উঠেছে বাইশের ভোটে আদৌ কি যোগীকে সিংহাসনচ্যুত করা সম্ভব ?
সেই কঠিন প্রশ্নের মুখোমুখি এবার বিরোধী শিবির। উত্তরপ্রদেশের ( Uttar Pradesh ) মূল বিরোধীদল অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি অন্যদিকে মায়াবতীর নেতৃত্বাধীন বহুজন সমাজ পার্টি এবং তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস ( Congress )। একসময় উত্তর প্রদেশ ছিল কংগ্রেসের দুর্গ। সেই দুর্গ হাতছাড়া হতে হতে কংগ্রেস এখন কার্যত অস্তিত্বহীন। অথচ উত্তরপ্রদেশের মত একটা বৃহৎ রাজ্য হাতের মুঠোয় থাকলে দিল্লির মসনদ দখল অনেকটাই সহজ হয়ে যায়।
সমস্ত জাতীয় দলেরই মূল লক্ষ্য থাকে উত্তর প্রদেশ। কংগ্রেস এখন মরিয়া উত্তরপ্রদেশে ঘুরে দাঁড়াতে। দিন কয়েক আগেই প্রিয়ঙ্কা রাহুল এবং প্রশান্ত কিশোর বৈঠক করেছেন। মনে করা হচ্ছে জাতীয় রাজনীতির পাশাপাশি উত্তরপ্রদেশের ভোট কৌশল নিয়েও আলোচনা হয়েছে তাদের মধ্যে। আজ প্রিয়ঙ্কাকে প্রশ্ন করা হয়, আসন্ন বিধানসভা ভোটের লড়াইয়ে প্রিয়াঙ্কা গান্ধী ( Priyanka Gandhi Vadra ) কি দলের প্রার্থী হবেন? তিনি প্রশ্নের উত্তরে শুধু জানান,”বিষয়টা ভেবে দেখেছি।
“তৎক্ষণাৎ তাকে পাল্টা প্রশ্ন করা হয় দল কি এবারের ভোটে আপনাকেই মুখ্যমন্ত্রী হিসেবে সামনে রেখে ভোটযুদ্ধে নামবে? প্রিয়াঙ্কা গান্ধী হেসে জবাব দেন, “সব প্রশ্নের উত্তর এখনই দেব কি করে?” অর্থাৎ দলকে তিনি নেতৃত্ব দেবেন এবং তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কংগ্রেস তাকে সামনে রাখবে কিনা, এসব প্রশ্নের উত্তর সূক্ষ্মভাবে এড়িয়ে গেলেন। এড়িয়ে গেলেন বলেই তৈরি হল রহস্য । গত বিধানসভা নির্বাচনে দলের মুখ্য উপদেষ্টা ছিলেন প্রশান্ত কিশোর।
সেবার প্রশান্তের পরামর্শ ছিল প্রিয়াঙ্কা গান্ধীকে মুখ্যমন্ত্রী হিসেবে সামনে রেখে ভোটযুদ্ধে নামার। কংগ্রেস সেবার তার পরামর্শ মেনে নেয়নি। ভোটে কংগ্রেস কার্যত মুখ থুবড়ে পড়েছিল। তিনি এই এই প্রস্তাব দিয়েছিলেন, প্রকাশ্যে সেকথা জানিয়েছিলেন প্রশান্ত। এবারে কি সেই ধরনের কোনো পরিকল্পনা নিয়ে এগুতে চাইছে কংগ্রেস? যা হয়নি গত ভোটে,সেটাই কি হতে চলেছে এবার? উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ হবেন প্রিয়াঙ্কা? আজ নিজেই সে প্রশ্ন উস্কে দিলেন।
