তৃণমূল বিধায়কদের উপর হুলিয়া জারি করল দল

|

কলকাতা : বিধায়কদের কড়া সর্তকতা দিল তৃণমূল কংগ্রেস ( TMC )। তৃণমূল বিধায়কদের ক্ষেত্রে নির্দেশ দলের, কোন অনুষ্ঠানে যাচ্ছেন, আয়োজক কারা, আমন্ত্রিত তালিকায় কে কে আছেন, তা ভালোভাবে জেনে নিয়ে, তবেই যাবেন। দেবাঞ্জন কাণ্ডের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সোমবার রাজ্য বিধানসভায় ( Assembly ) তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে দলের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় বিধায়কদের।

নতুন এবং পুরনো বিধায়কদের ক্লাস নেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই তিনি বিধায়কদের বিধানসভা অধিবেশনে ( Assembly Session ) উপস্থিত থাকার নির্দেশ দেন। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় বৈঠকে ( Partha Chatterjee ) বলেছেন, অধিবেশন ভাল করে করতে হবে। সংবাদমাধ্যমে মুখ ভেবেচিন্তে খুলুন। মঙ্গলবার এবং বুধবার অধিবেশন শুরুর প্রথম দুদিন সকলকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। বলা ভালো কার্যত হুলিয়া জারি করেছে তৃণমূল পরিষদীয় দল।

বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে মুখ খোলার ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে বিধায়কদের। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বিধানসভার কাজকর্ম ভালো করে শিখতে হবে। তার জন্য নিয়মিত অধিবেশন হাজির থাকুন। সোশ্যাল মিডিয়ায় ভেবে চিন্তে মুখ খুলুন। সতর্ক থাকুন লেখার বিষয়ে। বিধানসভার প্রথম দিন রাজ্যপালের ভাষণের মধ্যেই তুমুল শোরগোল হয়েছিল। শাসক এবং বিরোধীপক্ষ কার্যত ঝামেলায় জড়িয়ে পড়ে।

এই বিষয়েও দলের বিধায়কদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পার্থ। বৈঠকে তিনি বলেছেন, সংসদীয় রীতি নীতি মেনে প্রতিবাদ করুন। বিরোধীরা কিছু বললেই নিজের থেকে প্রতিবাদ করতে যাবেন না। যতক্ষণ না দল নির্দেশ দিচ্ছে ততক্ষণ আগ বাড়িয়ে কিছু করতে যাবেন না। তবে সব থেকে বেশি চর্চা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া নিয়ে যে হুলিয়া জারি করা হয়েছে তার বিষয়ে।

কয়েকদিন আগেই দেবাঞ্জন কাণ্ডে একাধিক তৃণমূলের নেতা মন্ত্রীর নাম প্রকাশ্যে এসেছিল। নানা অনুষ্ঠানে দেবাঞ্জন এর সঙ্গে ছবি দেখা গিয়েছিল তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীদের। এই অবস্থার পুনরাবৃত্তি যেন না হয় সেই ব্যাপারে বিশেষ সতর্কতা ঘাসফুল শিবির। তৃণমূল বিধায়কদের ক্ষেত্রে নির্দেশ দলের, কোন অনুষ্ঠানে যাচ্ছেন, আয়োজক কারা, আমন্ত্রিত তালিকায় কে কে আছেন, তা ভালোভাবে জেনে নিয়ে, তবেই যাবেন। কোথাও কোনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলে তার দায়িত্ব কিন্তু দল নেবে না।

আরও পড়ুন