সবুজের সমীক্ষায় গোনা হলো গাছ, উঠে এলো অভিনব তথ্য

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শহরের অধিকাংশ গাছ ঝড় সামলাতে পারে। শহরের গাছ-গাছালির সমীক্ষার পর সেটাই উঠে এসেছে কলকাতা পুরসভার হতে। তবে, সবুজায়নে সামঞ্জস্য নেই, ব্যানার পোস্টারে ঢেকেছে অধিকাংশ গাছ, এমনটাই বলছে কলকাতা পুরসভার সমীক্ষা-রিপোর্ট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগ সম্প্রতি সেই রিপোর্ট জমা দিয়েছে।

৬ এবং ৮ নম্বর বরোর সার্ভে হয়েছে। উত্তর এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে ২১টি ওয়ার্ডের প্রত্যেকটি বড়, মাঝারি রাস্তা এবং পার্কে কোথায় কী ধরনের গাছ রয়েছে, তার বিস্তারিত বিবরণ এই রিপোর্টে তুলে ধরা হয়েছে। সূত্রে খবর, রিপোর্ট অনুযায়ী বিভিন্ন জায়গায় কোনও রাস্তায় প্রয়োজনের অতিরিক্ত গাছ, কোথাও আবার সংখ্যা প্রয়োজনের তুলনায় কম।

উদাহরণ হিসেবে, যেখানে ৫৩ নম্বর ওয়ার্ডে প্রতি স্কয়ার কিলোমিটারে মাত্র ৩০১টি গাছ রয়েছে, সেখানে ৮৬ নম্বর ওয়ার্ডে সেই সংখ্যাটা প্রায় দশগুণ, ২৯৩৪টি। তবে, শহরের অধিকাংশ গাছ বড় ধরনের ঝড়ঝাপটা সামলাতে অনেকটাই সমর্থ বলে জানিয়েছে সমীক্ষা-রিপোর্ট। মাত্র ১০ শতাংশের কিছু বেশি গাছের গোড়া অতটা দৃঢ় নয়। এই ২১টি ওয়ার্ড মিলিয়ে প্রায় ১৯৪৫০টি গাছ আছে।

প্রায় ১০৫ ধরনের গাছ-গাছালি আছে। যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে দেবদারু গাছ, প্রায় ৩৪৫০টি। তারপর রয়েছে ছাতিম এবং রাধাচূড়া যথাক্রমে প্রায় ১৩৬০টি এবং বারোশর কিছু বেশি। এক পুর আধিকারিক বলেন, রিপোর্ট সম্প্রতি হাতে এসেছে। খতিয়ে দেখা হবে। মাঝে উম-পুনের জেরে একটু সমস্যা হয়েছিল। তাই সমীক্ষা রিপোর্ট হাতে পেতে কিছুটা দেরি হয়েছে।

এমন তথ্যভাণ্ডার হাতে থাকলে আগামী দিনে বৃক্ষরোপণের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার উদ্যান বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার বলেন, শহরের গাছ এবং পাখি নিয়ে সমীক্ষা করার সিদ্ধান্ত হয়েছিল। সেই মতো কাজ শুরু হয়। এই কাজের মধ্যে দিয়ে নির্দিষ্ট তথ্যভিত্তিক ডেটাবেস পুরসভার হাতে আসবে। রিপোর্ট খতিয়ে দেখে সেইমতো পরিকল্পনামাফিক ভবিষ্যতে গাছ লাগানো যাবে।

আরও পড়ুন