রানার ডেস্ক : লুঙ্গি হচ্ছে টিউব আকৃতির একটি পোশাক, যা কোমরে পেঁচিয়ে সামনে একটা গিঁট দিটে পরতে হয়; সেটা বাঙালিরা ভালোই জানে। ওই বাংলায় তো বটেই, এই বাংলাতেও লুঙ্গির কদর অনেক। কেবল দক্ষিণ বা দক্ষিণ-পূৰ্ব এশিয়া নয়, আরব বিশ্ব কিংবা পূৰ্ব আফ্ৰিকার কোনও কোনও দেশেও লুঙ্গির চল আছে।
বলা হয়ে থাকে গরম এবং আৰ্দ্ৰ আবহাওয়ার দেশে লুঙ্গির মতো আরামদায়ক পোশাক আর হয় না। দামও খুব বেশি নয় এই লুঙ্গির। মূলত এটা পুরুষদেরই পোষাক। যদিও একালে কিছুটা অবহেলিত, আবার কিছুটা হেয় চোখেও হয়তো-বা দেখা হয় পোশাকটিকে। কিন্তু এই পোশাকটি নিয়ে তৰ্ক-বিতৰ্ক শুরু হয়েছে।
এক কৃষ্ণাঙ্গ ও এক শ্বেতাঙ্গ তরুণী মডেলের মিনি স্কাৰ্ট পরা ছবি ওয়েবসাইটে জারার পক্ষ থেকে ছাড়া হয়েছে এবং প্ৰশ্ন উঠেছে এই লুঙ্গিই কি এবার জায়গা করে নিয়েছে নামী স্প্যানিশ ফ্যাশন কোম্পানি ‘জারা’-র ক্যাটালগে?ফ্যাশন ব্র্যান্ড ‘জারা'(Zara) মেয়েদের জন্য যে নতুন পোশাক বাজারে ছেড়েছে, যা দেখতে একেবারেই লুঙ্গির মতো। তবে পেছনে একটা জিপার রয়েছে, এটা সেলাইয়ের ভাঁজের মধ্যে লুকানো।
কিন্তু জারার পক্ষ থেকে পোশাকটিকে বলা হয়েছে চেক মিনি স্কাৰ্ট। পুরুষদের পোশাক লুঙ্গিকে এভাবে স্কাৰ্ট নামে চালিয়ে দেওয়ায় কেউ কেউ ক্ষোভ প্ৰকাশ করেছেন। তাঁদের প্ৰশ্ন, কেন জারা একটিবারের জন্যও এই পোশাকের আসল নাম কিংবা কোথা থেকে এই ফ্যাশনের অনুপ্ৰেরণা তারা পেয়েছে তা কোথাও উল্লেখ করেনি?
এমনকী, অন্য দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এভাবে অন্য নামে বাজারজাত করে চড়া মূল্যে বিক্ৰি করে লাভ করা কতটা নৈতিক, এই প্ৰশ্নও তুলেছেন অনেকে।শুধু তাই নয়, ৪৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন পোশাক বিক্ৰেতা জারা এই পোশাককে যে নামেই ডাকুক, একটা বিষয়ে ঐকমত্য প্ৰকাশিত হয়েছে, এটি আসলে লুঙ্গি ছাড়া আর কিছু নয়।
ক্যাটালগে এই পোশাক দেখে অনেকেই তাঁদের বিস্ময় চেপে রাখতে পারছেন না। তাছাড়া স্পেনে এই পোশাকের দাম ভারতীয় মুদ্ৰায় প্ৰায় ৫,০০০ টাকা। ফলে দামের প্ৰতি দৃষ্টি আকৰ্ষণ করে অনেকের চোখ কপালে উঠেছে। অনেকের প্রশ্ন, ২০০ টাকায় লুঙ্গি কিনে স্পেনের মেয়েদের কাছে ৫,০০০ টাকায় বিক্রি করা হচ্ছে না তো?
