‘রাধে’ ফ্লপ, কিন্তু বাজারে হিট খান বনাম খান মামলা

|

রানার প্রতিবেদন : সুপারস্টার সলমন খানের সিনেমা মানেই মারকাটারি হিট। কিন্তু বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’কে কেঊ পাতে তোলারই যোগ্য মনে করেননি। এঈ তালিকায় এমনকি সলমন খানের বাবা সেলিমও আছেন। সেলিম স্বয়ং বলেছেন, সিনেমাটা আদৌ ভালো নয়। ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ ও জিপ্লেক্সে ঈদে মুক্তি পেয়েছে ‘রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’।

যদিও বলা হচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি দিয়ে ভিউয়ের রেকর্ড গড়েছেন ভাইজান। মুক্তির প্রথম দিনে নাকি সিনেমাটি দেখেছেন ৪২ লক্ষ দর্শক। তবে ঈদের এই সিনেমা নিয়ে হতাশ দর্শক, চিত্রসমালোচক সকলেই। এই লম্বা তালিকায় আছেন খ্যাতিমান চলচ্চিত্র সমালোচক, অভিনেতা ও প্রযোজক কমল রশিদ খানও। ক্মল কেআরকে নামেই নেটদুনিয়ায় পরিচিত। তিনি তাঁর ইউটিউব চ্যানেলে ‘রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি নিয়ে রিভিউ করেছেন।

আর তাতেই নাকি চটেছেন ভাইজান। একাধিক সংবাদমাধ্যমের খবর, মুম্বই আদালতে ‘রাধে’ নিয়ে নেতিবাচক রিভিউয়ের কারণে কমলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সলমন।একটি আইনি নোটিশের কপি দেখিয়ে টুইটারে ক্মল লিখেছেন, ‘প্রিয় সলমন এই মানহানির মামলাই প্রমাণ করে যে, আপনি হতাশ এবং নিরাশ। আমি আমার অনুসারীদের জন্য রিভিউ করেছি। আমি আসলে আামার কাজ করেছি।

আমাকে আপনার সিনেমার পর্যালোচনা করতে বাধা দেওয়ার পরিবর্তে আপনার উচিত আরও ভালো সিনেমায় অভিনয় করা। আমি সত্যের জন্য লড়েই যাব! এই মামলার জন্য আপনাকে ধন্যবাদ।’ আরেকটি টুইটে তিনি মশকরা করে লিখেছেন, ‘আদালতে মামলাটির শিরোনাম খুব ভালো লাগবে, খান বনাম খান!’ তবে কমল জানিয়েছেন, তিনি আর ভবিষ্যতে সলমন খানের সিনেমার রিভিউ করবেন না।

তবে সলমন খান ও সলমন খান ভেঞ্চার্স নিযুক্ত আইনি পরামর্শদাতা প্রতিষ্ঠান ডিএসকে লিগ্যাল বলছে, সিনেমার রিভিউয়ের কারণে নয়, ‘দুর্নীতিবাজ’সহ বিভিন্ন আপত্তিকর বক্তব্য রাখার জন্যই এই মানহানির মামলা দায়ের করা হয়েছে। এক বিবৃতিতে ডিএসকে লিগ্যাল জানিয়েছে, কমল সলমন খানকে ‘দুর্নীতিবাজ’ বলেছেন। তাঁর ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান’কে ঘিরে ‘প্রতারণা’ ও ‘অর্থ পাচার’সহ নানা মানহানিকর বক্তব্য পেশ করেছেন কেআরকে।

তাছাড়া সলমন খানের প্রযোজনা প্রতিষ্ঠান সলমন খান ফিল্মসকে ‘ডাকাত’ও বলেছেন। উল্লেখ্য, প্রভু দেবা পরিচালিত ‘রাধে’ বছরের সবচেয়ে আকাঙ্ক্ষিত সিনেমা। সবশেষ ২০১৯ সালে ‘দাবাং থ্রি’ সিনেমায় দেখা গিয়েছিল সলমন খানকে। ‘রাধে’ সিনেমায় নায়িকা দিশা পাটানি। দেখা যাবে রণদীপ হুদা ও জ্যাকি শ্রফকেও।

আরও পড়ুন