বিজ্ঞাপনের তান্ডব থেকে তিলোত্তমাকে রক্ষা করতে তৈরি হচ্ছে পরিকল্পনা

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শহরের দৃশ্য দূষণ রুখতে নতুন বিজ্ঞাপন নীতি আনছে কলকাতা পুরসভা। একটা জায়গায় ঘিঞ্জিভাবে হোডিং নয়। নির্দিষ্ট রাস্তায় নির্দিষ্ট জায়গায় নান্দনিকভাবে থাকবে নির্দিষ্ট সংখ্যার হোডিং, তেমনটাই ভাবনাচিন্তা কলকাতা পুরসভা। সেই সঙ্গে শহরে বিজ্ঞাপনী হোডিংয়ের পরিমাণ কমানোরও প্রস্তাব থাকছে নতুন নীতিতে। বাড়বে বিজ্ঞাপন দেওয়ার খরচ।

ইতিমধ্যে কয়েক দফায় বৈঠক হয়েছে। খুব দ্রুত চূড়ান্ত হবে নয়া বিজ্ঞাপন নীতি। মূলত, রাজস্ব ক্ষতি না করে কিভাবে হোডিং কমিয়ে শহরকে দৃষ্টিনন্দন করে তোলা যায়, সেইভাবেই নতুন নীতি তৈরি করা হচ্ছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, বর্তমানে কলকাতা পুরসভার নিজস্ব ৩০০টি হোডিং রয়েছে। যা ভাড়া দিয়ে পুরসভা টাকা পায়।

এই সঙ্গে শহরে বেসরকারি হোর্ডিংয়ের সংখ্যা আনুমানিক তিন হাজার। সেখান থেকেও কলকাতা পুরসভা নির্দিষ্ট অনুপাতে কর পায়। সেই পরিমাণই কমানোর প্রস্তাব রয়েছে। তবে কতটা কমানো হবে তা নিয়ে অবশ্য এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিজ্ঞাপন নীতি তৈরি করার জন্য তৈরি হওয়া কমিটি একটি খসড়া রিপোর্ট হাতে পেয়েছে।

কয়েক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সীলমোহর দেওয়া হবে বলেই পুরসভা সূত্রে খবর। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য দেবাশিস কুমার বলেন, বিজ্ঞাপন যে শহরের সৌন্দর্যায়নের একটা অন্যতম উপাদান, সেটা মাথায় রেখেই পলিসি তৈরি হচ্ছে। এক পুর আধিকারিকের ব্যাখ্যা, নতুন বিজ্ঞাপন নীতিতে ডিজিটাল হোডিংয়ের ওপর জোর দেওয়া হচ্ছে।

সেইসঙ্গে একটি নির্দিষ্ট রাস্তায় নির্দিষ্ট পরিমাণ হোডিং লাগানো হবে। তার জন্য সংখ্যা কমবে। সেইসঙ্গে যেখানে একসঙ্গে অনেক বিজ্ঞাপন ঘিঞ্জিভাবে রয়েছে, সেখান থেকে হোর্ডিং কমিয়ে অন্যত্র স্থানান্তর করা হবে। যাতে দৃশ্যদূষণ না হয়। পুরসভা বা বেসরকারি হোডিং সংস্থার আয় কমবে না? কলকাতা পুরসভা কর্তৃপক্ষের ব্যাখ্যা, বিজ্ঞাপন দেওয়ার খরচ বাড়বে।

ধরা যাক, পার্কস্ট্রিটে ১০টি হোডিং থেকে ১০ লক্ষ টাকা আয় হয়। সেখানে হোডিং পিছু এক লক্ষ টাকা করে নেওয়া হয়। সেখানে সংখ্যা কম করা হলে হোডিং কিছু বিজ্ঞাপনের ভাড়া বাড়িয়ে দেওয়া হবে। বেশি টাকা গুনতে হবে বিজ্ঞাপনদাতাদের। এজেন্সিগুলি পুরসভার সঙ্গে আলোচনাক্রমে সেই বাড়তি রেট ঠিক করবে।

আরও পড়ুন