রানার প্রতিবেদন : আজ থেকে শুরু হলো সংসদের বাদল অধিবেশন ( Monsoon Session )। অধিবেশন শুরুর আগে সংসদ সদস্য এবং বিশেষ করে বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দেন মোদি ( Narendra Modi )। সংসদের মিডিয়া এনক্লেভে চলে আসেন প্রধানমন্ত্রী। সেই সময় বৃষ্টি পড়তে শুরু করেছে। সকলকে অবাক করে দিয়ে নিজেই ছাতা হাতে পৌঁছে যান তিনি।
বা হাতে ছাতা ধরে নিজের বক্তব্য রেখে রওনা হন সংসদ কক্ষের উদ্দেশ্যে। যার ছাতা ধরার দায়িত্ব, তাকে ধরতে না দিয়ে নিজেই ছাতা ধরে চলে আসেন আবার ছাতা হাতে ফিরে যান সংসদে। এই ছবি সামনে আসতেই নেট মাধ্যমে শুরু হয় হৈচৈ। প্রথমে সক্রিয় হয়ে ওঠে গেরুয়া শিবির। তারা দাবি করতে থাকে, এটা একটা নজিরবিহীন ঘটনা। আজ পর্যন্ত কোনও প্রধানমন্ত্রীকে দেখা যায়নি, নিজের ছাতা নিজেই বয়ে নিয়ে চলেছেন।
অনেক বিজেপি কর্মী সমর্থক আবার রাহুল গান্ধীর ( Rahul Gandhi ) একটি পুরনো ছবি একই সঙ্গে শেয়ার করেছেন। যে ছবিতে দেখা যাচ্ছে , রাহুল গান্ধীর এক সহকারী তাঁর মাথায় ছাতা ধরে আছেন। দুটো ছবি দিয়ে লেখা হয়েছে, এটাই দুই দলের সাংস্কৃতিগত পার্থক্য। দুই নেতার বৈশিষ্ট ধরা পড়েছে এই একটি ছোট্ট ঘটনায়। বিজেপির প্রচারের পাল্টা সক্রিয় বিরোধী শিবিরের লোকেরা। তাদের দাবি, মোদি কাজের কাজ কিছু করেন না, আগ্রহও নেই। মোদি জানেন শুধু গ্যালারি শো করতে। উনি যদি এসব নাটকবাজি না করে কাজ করতেন তাহলে, দেশবাসীর এত দুর্ভোগ হতো না।
