টিকা নিয়ে প্রাতঃভ্রমন, মুখ্যমন্ত্রীর নিদান রক্ষা বাস্তবে অসম্ভব

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : প্রাতঃভ্রমণ ( Morning walk ) করতে পার্কে ( Park ) ঢুকতে লাগবে টিকার শংসাপত্র ( Vaccine Certificate ) । ইতিমধ্যেই এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। মুখ্যমন্ত্রী বলেছেন, সকাল ৬ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত মর্নিং ওয়াকের জন্য পার্ক খোলা থাকবে। কিন্তু সঙ্গে নিয়ে আসতে হবে টিকা নেওয়ার শংসাপত্র। মুখ্যমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন কিভাবে? সেটা ভেবেই কুল পাচ্ছেন না কলকাতা পুরসভার কর্তারা। এটা অবাস্তব।

সঠিকভাবে লাগু করা সম্ভব নয়, মানছেন আধিকারিকরা। তার বদলে পার্কের বাইরে পোস্টার বা ব্যানার লাগিয়ে নাগরিকের কাছে আরজি জানানোর পথেই হাঁটবে কলকাতা পুরসভা ( KMC )। বলে দেওয়া হবে, ডবল ভ্যাকসিন ছাড়া কেউ পার্কে আসবেন না। কলকাতা পুরসভার উদ্যান বিভাগের ( Department of Horticulture ) বক্তব্য, শহরে ৭০০ পার্ক রয়েছে। তার মধ্যে মাত্র ২৫০-৩০০ পার্কে নিরাপত্তারক্ষী আছে। প্রত্যেকটি পার্কে তিনজন করে তিনটি শিফটে অর্থাৎ সকাল,বিকেল এবং রাত পাহারাদার থাকে।

সব মিলিয়ে সংখ্যাটা খুব বেশি হলে ৯০০ জন। বাকি পার্ক নিরাপত্তারক্ষী বাহিনী থাকে। ফলে প্রত্যেকটি গেটে একজন করে পাহারাদার বসিয়ে নজরদারি চালানো সম্ভব নয়, স্পষ্ট জানাচ্ছেন আধিকারিকরা। এক আধিকারিক বলেন, উনি যেটা বলেছেন সেটা কিভাবে বাস্তবায়িত হবে? আমরা মানুষকে শুধু জানিয়ে দেব। বড় বড় পার্কে একাধিক গেট থাকে। সেক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় নজরদারি চালানো সম্ভব নয়। পর্যাপ্ত লোক নেই।

গেটের বাইরে নোটিশ ঝুলিয়ে নাগরিক সচেতনতার উপর এই বিষয়টি ছাড়তে চাইছে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। যদিও উদ্যান বিভাগের দায়িত্বপ্রাপ্ত দেবাশিস কুমার জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ আমরা মেনে চলব। আগামী দু’দিনের মধ্যে প্রত্যেকটি পার্কে ব্যানার এবং পোস্টার লাগিয়ে দেয়া হবে। ডবল ভ্যাকসিন ছাড়া কেউ পার্কে প্রবেশ করবেন না। এবার পুরোটাই নাগরিকের ওপর। আমরা তো আর মানুষের সঙ্গে মারপিট করতে যাব না।

সরকারের নির্দেশ আমরা পালন করব। বাকি আইন-শৃংখলার বিষয় পুলিশ দেখব। আগামীকাল জামাইষষ্ঠীর ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ফলে আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার এই দুদিন সেভাবে ব্যানার লাগানোর কাজ করা সম্ভব হবে না। সবকটি পার্কে ব্যানার লাগাতে অন্তত বৃহস্পতিবার শুক্রবার অব্দি সময় লাগবে বলেই জানাচ্ছে উদ্যান বিভাগের আধিকারিকরা। প্রয়োজনে ছোট পার্কগুলি বন্ধ রাখা হতে পারে।

আরও পড়ুন