রানার ডেস্ক : যত সময় গড়াচ্ছে ততই ধীরে ধীরে ভারত মহাসাগরে নিজেদের প্রভাব বাড়াচ্ছে চিন। সম্প্রতি দ্রুত জল নিয়ন্ত্রণের ক্ষমতা বাড়িয়ে চলেছে তারা। এই পরিস্থিতিতে ভারতকে বাধ্য হয়েই তাকাতে হচ্ছে জলে নিজেদের ক্ষমতা বাড়ানোর ওপর। এই উদ্দেশ্যেই ভারত আমেরিকার কাছ থেকে অত্যাধুনিক ভয়ঙ্কর হেলিকপ্টার রোমিও কেনার আগ্রহ প্রকাশ করেছিল। তাতে সাড়া দিয়েছে ওয়াশিংটন।
রোমিওর দাম প্রচন্ড বেশি হওয়ায়, কেনার ব্যাপারে প্রথমে খুব একটা আগ্রহ দেখায়নি ভারত। কিন্তু চিন যেভাবে আগ্রাসী মনোভাব নিয়ে ভারতকে চারদিক থেকে জলপথে ঘিরতে চাইছে তাতে উদ্বিগ্ন দিল্লির প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। গত বছরই ঠিক হয় সমুদ্রে ছদ্মবেশী বা লুকিয়ে থাকা সাবমেরিন চিহ্নিত করা জরুরি। তখনই বোঝা যায় রোমিওর কোনো বিকল্প নেই, তাসে যতই চড়া মূল্য হোক না কেন।
প্রথম দফায় ভারত নিচ্ছে ২৪ টি হেলিকপ্টার। এর জন্য ভারতকে দিতে হবে ১৭৮০০ কোটি টাকা। পোশাকি নাম এম এইচ-৬০, কিন্তু একে দুনিয়া চেনে রোমিও নামে। সারা দুনিয়ায় এর নাম আলোচনার মূল কারণ। রোমিও মহাসমুদ্রে জলের নিচে লুকিয়ে থাকা সাবমেরিনকে খুঁজে বার করে নিখুঁত নিশানায় সম্পুর্ন ধ্বংস করে দিতে পারে।
ব্রিটেনের লকহিড মার্টিন নামে একটি বেসরকারি সংস্থা এই হেলিকপ্টার বিক্রি করে। কিন্তু চুক্তি অনুযায়ী এই হেলিকপ্টার কেনা-বেচার ছাড়পত্র মার্কিন সরকারের হাতে। গত বছরই ভারত সরকার সিদ্ধান্ত নেয় রোমিও কেনার। এরপরই আমেরিকা সরকারের অনুমোদন চাওয়া হয়। ভারতের সেই আবেদনে সিলমোহর দিয়েছে মার্কিন সরকার।
