আকাশ জঞ্জাল মুক্ত করতেই হবে, বৈঠকে সাফ কথা মুখ্যমন্ত্রীর

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কলকাতার ( Kolkata ) আকাশকে জঞ্জালমুক্ত করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্ন ( Nabanna ) সভা ঘরে শহরের সমস্ত কেবল অপারেটরদের নিয়ে একটি বৈঠক করেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, টিভি অথবা ইন্টারনেটের কোনও তার আর মাটির ওপর দিয়ে নিয়ে যেতে দেবে না রাজ্য সরকার। কেবল অপারেটরদের মাটির তলা দিয়ে নিয়ে যেতে হবে। কাজ সময়সাপেক্ষ। কিন্তু দ্রুত সেটা শুরু করতে হবে।

জানা গিয়েছে, আগামী সোমবার থেকে হরিশ মুখার্জি রোডে ( Harish Mukherjee Rd ) এই পাইলট প্রজেক্ট ( Pailot Project ) চালু হচ্ছে। সেখানে পরীক্ষামূলকভাবে মাটির তলা দিয়ে কেবল নিয়ে যাওয়ার কাজ শুরু হবে। এরপর ধীরে ধীরে গোটা কলকাতা এবং আগামী দিনে গোটা রাজ্য জুড়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করার ইচ্ছা রয়েছে মুখ্যমন্ত্রীর। এই মর্মে প্রত্যেক কেবল অপারেটরদের নির্দেশ দিয়েছে নবান্ন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম ( Firhad Hakim )।

তিনি বলেন, লকডাউনের সময় ছাত্র-ছাত্রীরা অনলাইনে পড়াশোনা করছে। তাদের দিকটাও ভাবনা চিন্তা করা হয়েছে। তাই সিদ্ধান্ত হয়েছে, যতদিন পর্যন্ত মাটির তলা দিয়ে তার নিয়ে যাওয়ার কাজ সম্পূর্ণ না হচ্ছে, ততদিন পর্যন্ত ওপরের তার নামানো হবে না। তবে, নতুন করে উপর দিয়ে কেবল তার নিয়ে যাওয়ার জন্যও কাউকে অনুমতি দেওয়া হবে না। প্রথমে কলকাতার আকাশকে জঞ্জালমুক্ত করে তিলোত্তমাকে নতুন রূপ দিতে চাইছে রাজ্য সরকার।

তারপর গোটা রাজ্যে এই প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। পাশাপাশি তিনি বলেন, ল্যাম্পপোস্টেও কোনও কেবল তার লাগানো যাবেনা। ওভারহেড দিয়ে কেবল তার নিয়ে যাওয়ার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। যাঁরা নিয়ে গেছেন, তাঁরা প্রত্যেকেই বেআইনিভাবে মাটির উপর দিয়ে তার নিয়ে গেছেন। অবিলম্বে এই তার নামে মাটির তলা দিয়ে নিয়ে না গেলে পুরসভার কেটে দেবে। অন্যদিকে কেবল অপারেটর ব্যবসার সঙ্গে সারা রাজ্য জুড়ে কয়েক লক্ষ কর্মী জড়িত।

আপাতত কলকাতা পুরসভা শহরের কেবল অপারেটর ব্যবসায়ী এবং তাদের কর্মীদের সুপার স্প্রেডার হিসেবে আখ্যা দিয়ে টিকা দেবে বলেও জানিয়ে দিয়েছেন ফিরহাদ। ইতিমধ্যেই পরিত্যক্ত কেবল তার নিয়ে অতিষ্ঠ পুরসভা একাধিকবার অপারেটরদের সঙ্গে বৈঠক করেছে। কিন্তু তাতে খুব একটা লাভের লাভ কোনওদিন হয়নি।

গতবছর আমফানের ( Cyclone Amphan ) সময় শহরে উপরে পড়া গাছ ক্যাবল তারের সঙ্গে জড়িয়ে গিয়ে এক বীভৎস পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। গাছ কাটতে গিয়ে নাকানি-চুবানি খেতে হয়েছিল। ছিঁড়ে গিয়েছিল কেবল। তারপর এই পদক্ষেপ নিয়েছিল পুরসভা। কিন্তু পুরসভার নির্দেশে গা করেনি কেবল অপারেটররা। এবার সরাসরি বিষয়টিতে হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন