রানার প্রতিবেদন : নাচের জন্য বলিউডের শীর্ষে অবস্থান কার? নিঃসন্দেহে তিনি হলেন বলিউডের চিরসবুজ অভিনেত্রী মাধুরী দীক্ষিত ( Madhuri Dixit )। আশির দশকে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এখনও নিয়মিত কাজ করে চলেছেন মাধুরী। তাঁর স্বর্গীয় হাসি, অনুপম রূপলাবণ্য আর বলগাছাড়া শরীরী আবেদনে তিনি বলিউডের মহারানি।তাঁর নাচের ভক্ত আসমুদ্র হিমাচল। এহেন মাধুরীর বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল তিনি নাকি নাচতে জানেন না।
কে এই অভিযোগ করেছিলেন? তিনি আবার ছিলেন মাধুরীর প্রিয় বন্ধু। বলিউডের শীর্ষস্থানীয় কোরিওগ্রাফার সরোজ খান ( Choreographer Saroj Khan )। এখন তিনি প্রয়াত। সরোজ খান এবং মাধুরী দীক্ষিতের হিট জুটির সাক্ষী ছিল ৯০ দশকের বলিউডে অনেক সুপারহিট মুভি। সরোজের নাচের ছন্দ মাধুরীর মতো আর কেউ তেমন বুঝতেন না। কিন্তু এই সরোজই পরিচালক সুভাষ ঘাইইয়ের ( Director Subhash Ghai ) কাছে অভিযোগ করেছিলেন মাধুরী একেবারেই নাচতে জানেন না।
সম্প্রতি এই গোপন কথা ফাঁস করেছেন সুভাষ নিজেই। অভিনয়ের সঙ্গে-সঙ্গে নাচও মাধুরী দীক্ষিতের ক্যারিয়ারের সাফল্যের সঙ্গে অনেকাংশে জড়িত। এটা সকলেই মানবেন। মাধুরীর প্রতিভা প্রকাশে সুভাষেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কদিন আগে সুভাষ ড্যান্স রিয়ালিটি শো ড্যান্স দিওয়ানের সিজন ৩ ( Dance Deewane Season 3 )- এ বিশেষ অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি এই গোপন কথাটি জানান।
তিনি জানান, একবার শুটিং চলাকালীন সরোজ মাধুরীর সম্পর্কে ঘাইয়ের কাছে অভিযোগ করেছিলেন। মাধুরী যখন বলিউড চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন, তখন সরোজ তাঁর সম্পর্কে বিস্তর অভিযোগ করেছিলেন। সুভাষ জানান, ১৯৮৭ সালে চেন্নাইতে ‘উত্তর দক্ষিণ’ ছবির শুটিং চলছিল। নাচের দৃশ্যের শুটিং ছিল। সরোজ মাধুরীকে নিয়ে ্নানা অভিযোগ করতে থাকেন।
সরোজ সুভাষকে বলেন, মাধুরী অভিনয়টা যে ভালো করেন তাতে সন্দেহ নেই। কিন্তু তিনি নাচতে একেবারেই জানেন না। যদিও এই অভিযোগ মানতে পারেননি সুভাষ। সরোজের অভিযোগ শুনে সুভাষ চেন্নাইতে উড়ে আসেন। মাধুরীকে জিজ্ঞেস করেন তাঁর কোনও সমস্যা হচ্ছে কিনা। মাধুরী জানান, তিনি গানের ভাষা এবং স্টাইল বুঝতে পারছেন না।
ফলে গানটি নাচের ভঙ্গিতে ঠিকমতো ফুটিয়ে তুলতে পারছেন না। সুভাষ তখন মাধুরীকে সরোজের মুখের ভঙ্গি ভালো করে লক্ষ্য করার পরামর্শ দেন। এরপর পিছনে তাকাতে হয়নি। মাধুরী গানটিতে সরোজ খানের কোরিওগ্রাফিতে এমন পারফর্ম করেন যে এরপর দুজনে বন্ধুই হয়ে যান।
