কলকাতার জল যন্ত্রণা, পলির পাহাড় কাটছে দেড় হাজার শ্রমিক

|

কলকাতা : কয়েক সপ্তাহ আগের তুমুল বৃষ্টি থেকে শিক্ষা নিল কলকাতা পুরসভা ( KMC )। শহরকে বানভাসি হওয়া থেকে আটকাতে জোর কদমে নিকাশের কাজ শুরু হল। গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন বড় বড় রাস্তা এবং পাম্পিং স্টেশন ( Pumping Station ) সংলগ্ন নিকাশি নালার থেকে পলি তোলার কাজ তড়িঘড়ি চালাচ্ছে কলকাতা পুরসভা। যার জন্য নামানো হয়েছে আধুনিক মেশিন। কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরের পলি তোলার জন্য ৫০টি ডিসেলন্টিং মেশিন রয়েছে।

সেগুলোকে কাজে লাগানো হচ্ছে। এছাড়াও ম্যানহোল থেকে ময়লা বের করার জন্য রয়েছে বাকেট মেশিন। প্রায় ৩২৫টি এই ধরনের আধুনিক মেশিন রয়েছে কলকাতা পুরসভার হাতে। বর্তমানে করোনা বিধিনিষেধ চালু থাকায় রাস্তায় গাড়ি কম চলছে। যার কারণে এই মেশিনগুলো রাস্তায় বসিয়ে ভূগর্ভস্থ নিকাশি নালার ( Underground Drainage ) ময়লা এবং পলিতলার কাজ চালাচ্ছে কলকাতা পুরসভা। একেকটি ডিসেলন্টিং মেশিন চালাতে ৩-৪ জন শ্রমিকের প্রয়োজন হয়।

অর্থাৎ শহরে দুই শিফটে দিনে-রাতে ৩০০-৪০০ জন শ্রমিক এই মেশিনের সঙ্গে কাজ করছেন। পাশাপাশি বাকেট মেশিন চালাতেও ২-৩ জনের দরকার পড়ে। অর্থাৎ এই ক্ষেত্রেও দুই শিফটে ১৩০০ জন শ্রমিককে দিয়ে কাজ করাচ্ছে কলকাতা পুরসভা। সব মিলিয়ে ১৫০০-১৭০০ শ্রমিক গত এক সপ্তাহ ধরে দিনরাত কাজ করছেন। উল্লেখ্য, সম্প্রতি কয়েক সপ্তাহ আগে শহরে দিনে গড়ে ১৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

যার জেরে শহরের নিকাশি ব্যবস্থা ( Drainage System ) কার্যত ভেঙে পড়ে। বলা ভালো প্লাবন দেখা দেয় কলকাতায়। টানা তিন থেকে চারদিন জলমগ্ন ছিল শহরের একাধিক অঞ্চল। যেখানে জল জমে না সেখানেও জল ঠায় দাঁড়িয়ে ছিল। যার জেরে তৎপর হয়ে ওঠে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। দেখা যায়, নিকাশি খালের নাব্যতা না থাকার জেরে জল নামেনি। পাশাপাশি ভূগর্ভস্থ নিকাশি নালার থেকে ঠিকঠাক পলি না তোলায় জল আটকে ছিল।

কলকাতা পুরসভার নিকাশি বিভাগের এক শীর্ষকর্তা বলেন, সারা বছর আমাদের কাজ চলে। কিন্তু এবার মাত্রাতিরিক্ত বৃষ্টি হয়েছে। তাই কিছু করা যায়নি। তবে আমাদেরও প্রচুর গলদ রয়েছে। তাই ম্যানহোল থেকে ময়লা আবর্জনা এবং পলি তোলার কাজ আরও বেশি করে করা হচ্ছে। যাতে যতটা সম্ভব ভূগর্ভস্থ নালাগুলি পরিষ্কার রাখা যায়।

এবছর কলকাতা পুরসভা রেকর্ড পরিমাণ করে তুলেছে বলে দাবি করেছেন আধিকারিকরা। কিন্তু তার পরেও নিকাশি ব্যবস্থার ভগ্নদশা প্রকাশ্যে চলে এসেছে। কার্যত প্লাবন দেখা গিয়েছে শহরে। সেখানে তড়িঘড়ি নিজেদের দোষ ঢাকতে এখন ফের ভূগর্ভস্থ ময়লা ও পলি তোলায় জোর দিচ্ছে কলকাতা পুরসভার নিকাশি বিভাগ।

আরও পড়ুন